নিজামী-বাবরসহ সব আসামিকে আদালতে হাজির করা হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলায় বিগত চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী ও প্রতিমন্ত্রী লুৎ ফুজ্জামান বাবরসহ সব আসামিকে আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করার কথা রয়েছে। পলাতক আসামিদের ব্যাপারে আজ আদালতে পুলিশি প্রতিবেদন চাওয়া হবে।দীর্ঘ সাড়ে তিন বছর অধিকতর তদন্তের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত ২ জুন ১০ ট্রাক অস্ত্র আটক মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এতে নিজামী, বাবর, দুটি গোয়েন্দা সংস্থার সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তারাসহ ১১ জনকে নতুন আসামি দেখানো হয়। তাঁদের মধ্যে সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. নূরুল আমিন ও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া পলাতক।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে উচ্চপর্যায়ের নির্দেশে এই মামলার অধিকতর তদন্ত শুরু হয়। আদালতের মাধ্যমে ১৮ দফায় অধিকতর তদন্তের সময় বাড়ানো হয়। এই তদন্তে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয় বলে সিআইডি দাবি করে। ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনে দায়ের করা মামলার আসামি ৫০ জন ও চোরাচালান আইনে দায়ের করা মামলার আসামি ৫২ জন। সম্পূরক অভিযোগপত্রে উভয় মামলায় সাক্ষীর সংখ্যা ২৬৬ জন। আগের দেওয়া অভিযোগপত্রে সাক্ষী ছিল ১০২ জন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘কারাবন্দী আসামিদের আদালতে হাজির করার দিন ধার্য আছে। যে দুই আসামি পলাতক আছে, তাঁদের ব্যাপারে পুলিশি প্রতিবেদন চাওয়া হবে। প্রতিবেদন না পাওয়া গেলে আমরা পুলিশকে সংক্ষিপ্ত সময় দেওয়ার আবেদন করব।’ ২০০৪ সালের ২ এপ্রিল ভোরে চট্টগ্রাম ইউরিয়া সারকারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। সরকারি গোয়েন্দা সংস্থার লোকজনের সহায়তায় বিশাল চালানের এসব অস্ত্র ভারতে উলফার ঘাঁটিতে পাঠানো হচ্ছিল বলে অভিযোগ আছে।অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ অস্ত্রের চালান আটকের পর তৎ কালীন জোট সরকারের নির্দেশে মূল ঘটনা আড়াল করে মামলার লোক দেখানো তদন্ত করা হয়। প্রথম দফা তদন্ত শেষে ২০০৪ সালের ১১ জুন সিআইডির তৎ কালীন সহকারী পুলিশ সুপার এ কে এম কবির উদ্দিন এবং একই বছরের ২৮ আগস্ট সিআইডির আরেক কর্মকর্তা নওশের আলী দ্বিতীয় দফা তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেন। দুটি অভিযোগপত্রে অস্ত্র পাচারের আসল রহস্য এবং জড়িত ব্যক্তিদের নামধাম গোপন করা হয়।