নিজামী-মুজাহিদকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ধানমন্ডির সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। তাঁদের একদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দেওয়া হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এই আদেশ দেন। আদেশে জিজ্ঞাসাবাদকালে পাশের কক্ষে নিজামী ও মুজাহিদের পক্ষে আইনজীবী থাকার এবং একজন চিকিৎসক রাখার কথাও বলা হয়েছে। জিজ্ঞাসাবাদের দিন ঠিক করবেন তদন্ত কর্মকর্তা।তদন্তকারী সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল ট্রাইব্যুনাল নিজামী ও মুজাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন। সূত্র জানায়, কারা কর্তৃপক্ষ এ ধরনের ব্যবস্থা কারাফটকে নেই বলে ইতিমধ্যে ট্রাইব্যুনালকে অবহিত করে। এদিকে ট্রাইব্যুনালের ওই আদেশের সংশোধন চেয়ে তদন্ত সংস্থা ১০ এপ্রিল আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৯ মার্চ ধানমন্ডির বাড়িটি তদন্ত সংস্থাকে বরাদ্দ দেয়।গতকাল সকালে শুনানির শুরুতে প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে ৫ এপ্রিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশে আংশিক সংশোধন চাচ্ছি।’ কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাইব্যুনালের আদেশ অনুসারে জিজ্ঞাসাবাদের সুযোগ ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেই। তিনি ধানমন্ডির সেফ হাউসে (বাড়ি নম্বর ২০/এ, রোড-১৬, ধানমন্ডি) নিয়ে নিজামী ও মুজাহিদকে জিজ্ঞাসাবাদের অনুমতির আরজি জানান।একপর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা জেলগেটে জিজ্ঞাসাবাদের কথা বলিনি। কারা কর্তৃপক্ষ বলেছে, জেলগেটে সম্ভব নয়। কারা কর্তৃপক্ষ আমাদের আদেশ সঠিকভাবে অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। এটা দুঃখজনক।’এরপর জামায়াতের দুই নেতার পক্ষে আইনজীবী মুন্সী আহসান কবির প্রথমে শুনানি মুলতবির আরজি জানান। রাষ্ট্রপক্ষের আবেদনের বিরোধিতা করে তিনি বলেন, কেন্দ্রীয় কারাগারে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে, কিন্তু ট্রাইব্যুনালের আদেশ উপেক্ষা করা হয়েছে। ধানমন্ডির যে বাড়ির কথা বলা হচ্ছে, সেটি সুরক্ষিত নয়। তিনি আদেশ সংশোধনের একটি আবেদন দাখিল করে বলেন, জিজ্ঞাসাবাদের সময় আসামিপক্ষের আইনজীবীদের উপস্থিত থাকার অধিকার রয়েছে। জিজ্ঞাসাবাদকালে যে কেউ অসুস্থ হতে পারেন। এ জন্য চিকিৎসক রাখা যেতে পারে।জবাবে আইনজীবী প্যানেলের অপর সদস্য প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, কিছুদিন আগে নিজামীকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তখন কোনো সমস্যা হয়নি। চিকিৎসক রাখতে হবে, এটা অন্যায় আবদার। তাঁরা কি ধরে নিয়েছেন যে অসুস্থ হয়ে যাবেন?উভয় পক্ষের শুনানি নিয়ে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর গোলাম আরিফের কাছে জানতে চান, নিরাপত্তার দিক থেকে সেফ হোম কতটা সুরক্ষিত? জবাবে গোলাম আরিফ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য উপযুক্ত ও নিরাপদ মনে হয়েছে। এর পর ট্রাইব্যুনাল আদেশ দেন। আসামিপক্ষের শুনানি মুলতবির আবেদনও খারিজ করেন।শুনানিকালে প্রসিকিউটর জেয়াদ আল মালুম, আলতাফউদ্দিন আহমেদ, তদন্ত সংস্থার সদস্য মো. আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।