নিজামী-মুজাহিদের আবেদনে রুল হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বাতিল আবেদনে জারি করা রুল হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে রুলটি নিষ্পত্তি করতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।আদালতে দুদকের পক্ষের আইনজীবী খুরশীদ আলম খান ও দুই নেতার পক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক মামলা পরিচালনা করেন। খুরশীদ আলম খান বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য রয়েছে। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে দুদক। পরে ওই মামলা বাতিল চেয়ে জামায়াতের দুই নেতা হাইকোর্টে পৃথক বাতিল আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ১২ নভেম্বর হাইকোর্ট তাঁদের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া মামলার কার্যক্রম স্থগিত করেন ও রুল জারি করেন।