নিজামী-মুজাহিদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে আরও একটি মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম রোকসানা বেগম এ আদেশ দেন। আইনজীবীরা নিজামী ও মুজাহিদের পক্ষে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। এর আগে ছয়টি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এরই মধ্যে কয়েকটি মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে।মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নিজামী ও মুজাহিদকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ডের আবেদনে বলা হয়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা ধ্বংসাত্মক ও নাশকতামূলক ষড়যন্ত্রের জন্য বৈঠক করেন। জেএমবির জঙ্গিদের সন্ত্রাসী কর্মকাণ্ড বাস্তবায়ন ও পরিচালনায় নিজামী ও মুজাহিদের মদদ দেওয়ার প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তাঁদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল নিজামী ও মুজাহিদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।সাঈদীর রিমান্ড আবেদনের শুনানি ২৯ জুলাই: বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীকে দুই দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে আরও পাঁচ দিন রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী ২৯ জুলাই রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান। দেলাওয়ার হোসাইন সাঈদী পবিত্র শবে বরাতের পর রিমান্ড শুনানির জন্য আদালতে আবেদন করেন। সাঈদীর আবেদন মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।