নিজামী-মুজাহিদের রাষ্ট্রপক্ষের সাক্ষীর বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী জহির উদ্দিন জালালের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগটি নিষ্পত্তি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে ওই অভিযোগের ব্যাপারে তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে।
ওই মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন জালাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এ-সংক্রান্ত আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ও জালালের আইনজীবী মহসিন রশিদ এ বিষয়ে সমঝোতা করলে ট্রাইব্যুনাল নিষ্পত্তির এই আদেশ দেন।
জহির উদ্দিন জালালের বিরুদ্ধে আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবিরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গত ২৮ মে আসামিপক্ষ তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন। পরে ট্রাইব্যুনাল এ-সংক্রান্ত আদেশে রাষ্ট্রপক্ষের ওই সাক্ষীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চান।
গত ৩০ জুন আদালত অবমাননার বিষয়ে রুলের লিখিত ব্যাখ্যায় জালাল নিজেকে নির্দোষ দাবি করেন।