নিজামী-রেজ্জাকুলসহ চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় চার আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
ওই চার আসামি হলেন সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম ও উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন।
আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করেন।
আদালতে মতিউর রহমান নিজামী পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ইমরান এ সিদ্দিকী। অপর তিনজনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আহসান।
ইমরান এ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, বিশেষ ক্ষমতা আইনে ও অস্ত্র আইনে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় দিয়েছিলেন নিম্ন আদালত। অস্ত্র আইনের মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং বিশেষ ক্ষমতা আইনে তাঁকে মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। হাইকোর্ট দুই মামলায় করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। একই সঙ্গে জরিমানার আদেশ স্থগিত করেছেন।
অপর তিন কর্মকর্তার পক্ষের আইনজীবী মো. আহসান প্রথম আলোকে বলেন, অস্ত্র আইনে করা মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে তিনজনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। এর আগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে তাঁদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত।
গত ৩০ জানুয়ারি চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অস্ত্র আটক মামলার দুটি ধারায় এই ১৪ জনকে যাবজ্জীবন ও সাত বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ঘটনার প্রায় পৌনে ১০ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়।
অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অন্য আসামিরা হলেন ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, সাবেক শিল্পসচিব নুরুল আমিন, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম, পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন আহাম্মদ, উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, হাফিজুর রহমান, দীন মোহাম্মদ ও হাজি আবদুস সোবহান। এঁদের মধ্যে পরেশ বড়ুয়া ও নুরুল আমিন পলাতক। হাজি আবদুস সোবহান জামিন ছিলেন। তবে আজ আদালতে হাজির ছিলেন। অস্ত্র চোরাচালান মামলায় ৩৮ জন খালাস পেয়েছেন। আসামি ছিলেন ৫২ জন।
অস্ত্র আইনের মামলায় একই ১৪ আসামিকে ১৯(এ) ধারায় যাবজ্জীবন এবং ১৯(সি) ধারায় সাত বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এই মামলায় খালাস পেয়েছেন ৩৬ জন। আসামি ছিলেন ৫০ জন।
২০০৪ সালের ১ এপ্রিল নগরের চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে খালাসের সময় দেশের ইতিহাসে অস্ত্রের সবচেয়ে বড় চালান আটক হয়।