মানবতাবিরোধী অপরাধের বিচার
নিজামী সুস্থ হয়ে উঠছেন স্বাস্থ্য প্রতিবেদন ট্রাইব্যুনালে পাঠানো হতে পারে আজ

মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগের রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কারাসূত্র জানিয়েছে, তাঁর স্বাস্থ্য পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হতে পারে।
গত মঙ্গলবার নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু সোমবার রাত তিনটার দিকে তাঁর অস্বাভাবিক উচ্চ রক্তচাপ দেখা দেয়৷ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে হাজির হওয়ার মতো সুস্থ না হওয়ায় কারা কর্তৃপক্ষ বিষয়টি ট্রাইব্যুনালকে জানায়। আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা যুক্তিসংগত মনে না করায় ট্রাইব্যুনাল তা আবারও অপেক্ষমাণ (সিএভি-কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখেন। আদেশে ট্রাইব্যুনাল বলেন, যত দ্রুত সম্ভব নিজামীর স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত প্রতিবেদন ট্রাইব্যুনালকে পাঠাতে হবে।
তবে গতকাল বুধবার পর্যন্ত কারা কর্তৃপক্ষ এ প্রতিবেদন পাঠায়নি। কারাগার সূত্র জানিয়েছে, নিজামীর শারীরিক অবস্থা জানিয়ে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আজ ট্রাইব্যুনালে পাঠানো হতে পারে। তবে সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী গতকাল প্রথম আলোকে বলেন, কারা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা নিজামী আগের দিনের চেয়ে আরেকটু সুস্থ হয়েছেন। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারা চিকিৎসকেরা তিনবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন, রাতে আরেকবার করবেন।
রায় ঘোষণার দিন ধার্য হওয়ার পর সোমবার সন্ধ্যায় নিজামীকে গাজীপুরের কাশিমপুরের হাই-সিকিউরিটি কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কাশিমপুর কারাসূত্র জানায়, কাশিমপুরে দীর্ঘদিন ধরে বন্দী থাকা নিজামী এর আগে হঠাৎ এমন অসুস্থ হননি। প্রায় এক মাস আগে তিনি অসুস্থ হলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল, তিনি দ্রুত সুস্থ হয়েছিলেন।
কাশিমপুরের হাই-সিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় নিজামীকে যখন ঢাকায় পাঠানো হয়, তখন তিনি সুস্থ ছিলেন।’