নিজামীকে অন্য মামলায় হাজির নয়

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলা ৮ সেপ্টেম্বর থেকে প্রতি কার্যদিবসে চলবে। এ জন্য তাঁকে প্রতিদিন ট্রাইব্যুনালে হাজির করতে হবে। অন্য কোনো মামলায় হাজিরার জন্য তাঁকে নিয়ে যাওয়া যাবে না।
আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক আদেশে এসব কথা বলেছেন।
এর আগে নিজামীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী আবু সামা ফকির ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে সাক্ষীকে আসামিপক্ষের জেরার তারিখ ৮ সেপ্টেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল।
পরে এক আদেশে ট্রাইব্যুনাল বলেন, ৮ সেপ্টেম্বর থেকে নিজামীর বিরুদ্ধে মামলা প্রতি কার্যদিবসে চলবে। এ জন্য তাঁকে প্রতিদিন ট্রাইব্যুনালে হাজির করতে হবে কারা কর্তৃপক্ষকে। অন্য কোনো মামলায় হাজিরার জন্য তাঁকে নিয়ে যাওয়া যাবে না। অন্য কোনো মামলায় নিজামীকে হাজির করতে হলে ট্রাইব্যুনালের কাছ থেকে অনুমতি নিতে হবে।
এই মামলায় প্রতিদিন সাক্ষ্যগ্রহণের জন্য রাষ্ট্র ও আসামি উভয় পক্ষকে প্রস্তুত থাকার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার একজন আসামি নিজামী। এ জন্য ওই মামলায় হাজিরা দেওয়ার জন্য তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।