
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার আসামিপক্ষের চতুর্থ ও শেষ সাক্ষী মো. নাজিবুর রহমানকে জেরা শেষ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার তাঁকে আবার জেরা করবে রাষ্ট্রপক্ষ।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল নিজামীর ছেলে নাজিবুর রহমান জবানবন্দি দেওয়া শেষ করেন। পরে তাঁকে জেরা শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। নিজামী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
জেরার একপর্যায়ে মোহাম্মদ আলী মত দেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। নাজিবুর রহমান বলেন, এটা সত্য নয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবার মত দেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে জামায়াতকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেন। আসামিপক্ষের সাক্ষী বলেন, এটা সত্য নয়। সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি অন্তর্ভুক্ত করার পর জামায়াত রাজনীতিতে সক্রিয় হয়।
মোহাম্মদ আলী বলেন, এটা কী সাক্ষী জানেন যে জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদীর ছেলে ফারুক মওদুদী কয়েক দিন আগে ঢাকায় এসে বলেছেন, জামায়াত ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির (একাত্তরে নাম ছিল ইসলামী ছাত্রসংঘ) একটি উগ্রপন্থী ও সন্ত্রাসী সংগঠন। নাজিবুর রহমান বলেন, তিনি এটা জানেন না। তবে ফারুক মওদুদী জামায়াতের রাজনীতিতে যুক্ত নন এবং জামায়াতবিরোধী হিসেবে পরিচিত।
নাজিবুর রহমানের জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
নাজিবুর গত বৃহস্পতিবার জবানবন্দি দেওয়া শুরু করেছিলেন। কিন্তু গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবীদের কেউ ট্রাইব্যুনালে উপস্থিত না থাকায় তাঁর জবানবন্দি আর গ্রহণ হয়নি। রোববার থেকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল ছিল। আসামিপক্ষের সহযোগী আইনজীবী আসাদউদ্দীন ওই তিন দিনই মামলা মুলতবির আরজি জানান। মঙ্গলবার ট্রাইব্যুনাল নাজিবুরের বাকি জবানবন্দি বুধবার দুপুরের মধ্যে শেষ করার জন্য বলেছিলেন।