নিজামীকে ছাড়াই শুনানি হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীকে ছাড়াই আজ বুধবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে শুনানির দিন ধার্য রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজামীকে অনুমতি ছাড়া কোথাও হাজির না করতে নির্দেশ দেওয়ায় তাঁকে চট্টগ্রামে আনা হচ্ছে না। সাবেক মন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্য আসামিদের ঢাকার কারাগার থেকে চট্টগ্রামে আনা হচ্ছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘১০ ট্রাক অস্ত্র মামলার আসামি মতিউর রহমান নিজামী ছাড়া অন্যদের ঢাকা থেকে চট্টগ্রামে আনা হচ্ছে। রাতে পৌঁছানোর কথা। বুধবার (আজ) তাঁদের আদালতে হাজির করা হবে।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহামঞ্চদ জানান, নিজামীকে ছাড়াই মামলার শুনানিতে কোনো অসুবিধা নেই।
আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বলেন, ‘তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলেই আসামিদের ৩৪২ ধারায় পরীক্ষা হবে।’
২০০৪ সালের ১ এপ্রিল নগরের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় বর্তমানে তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহামঞ্চদ মনিরুজ্জামানের সাক্ষ্য গ্রহণ শেষে জেরা চলছে। ২০১১ সালের ২৯ নভেম্বর মামলা দুটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়।