নিজামীকে নির্দোষ দাবি করল আসামিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অপেক্ষমাণ থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার যুক্তি উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষ। আসামিপক্ষের দাবি, নিজামী নির্দোষ। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। ১০ ট্রাক অস্ত্র আটক মামলার শুনানি থাকায় নিজামীকে চট্টগ্রামে নিয়ে যাওয়ায় তিনি গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন না।

যুক্তি উপস্থাপনকালে আবদুর রাজ্জাক দাবি করেন, নিজামীর বিরুদ্ধে আনা কোনো অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। বিচারে তিনি নির্দোষ প্রমাণিত হবেন ও খালাস পাবেন। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে নিজামীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তিনি যদি চারদলীয় জোট সরকারের মন্ত্রী না হয়ে মহাজোট সরকারের মন্ত্রী হতেন, তাহলে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হতো না।

আসামিপক্ষের প্রধান আইনজীবী আরও বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে নিজামী আলবদর বাহিনীর প্রধান ছিলেন—এমন অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাষ্ট্রপক্ষের দাখিল করা কোনো দালিলিক নথিতে তাঁকে আলবদর বাহিনীর প্রধান বলা হয়নি। এমনকি সেলিম মনসুর খালেদের লেখা যে আলবদর বইয়ের ওপর রাষ্ট্রপক্ষ নির্ভর করেছে, ওই বইয়ের কোথাও নিজামীর নাম নেই।

ট্রাইব্যুনাল ১৩ নভেম্বর নিজামীর বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম শেষ ঘোষণা করে রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন। তবে আসামিপক্ষ এই আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলে গত রোববার ট্রাইব্যুনাল তাঁদের আবার যুক্তি উপস্থাপনের সুযোগ দেন। এ নিয়ে রায় অপেক্ষমাণ থাকা অবস্থায় তিন দিন যুক্তি উপস্থাপন করল আসামিপক্ষ। আজ বুধবার রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের উপস্থাপিত যুক্তির পাল্টা জবাব দেবে।

তাজুল ইসলামের প্রতিবাদ: গতকাল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘মানুষ হত্যার জন্য রাজাকার বাহিনী হয়নি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের অংশবিশেষের প্রতিবাদ জানিয়েছেন নিজামীর আইনজীবী তাজুল ইসলাম। গতকাল পাঠানো প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রতিবেদনটিতে তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যুক্তি উপস্থাপনকালে তিনি বলেছেন, আইনের মাধ্যমে সৃষ্ট কোনো বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানোর পর সেই বাহিনীর কোনো সদস্য যদি অপরাধ করেন, সে জন্য যিনি আহ্বান জানিয়েছেন তিনি ওই অপরাধের জন্য দায়ী হতে পারেন না। রাজাকার অধ্যাদেশের কোথাও তাঁদের মানবতাবিরোধী অপরাধ করার ক্ষমতা দেওয়া হয়নি, তাঁদের দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা রক্ষা করা। এই বাহিনীকে ইমানদারির সঙ্গে দায়িত্ব পালন করতে বলা অপরাধ হতে পারে না। যদি বাহিনীর কোনো সদস্য অপরাধ করেন, তার জন্য সংশ্লিষ্ট সদস্য দায়ী হবেন।