নিজামীকে রাজাকার ক্যাম্পে দেখেছেন সাক্ষী রুস্তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের নিরাপত্তাকর্মী মো. রুস্তম আলী মোল্লা। জবানবন্দিতে রুস্তম আলী বলেছেন, তিনি গোলাম আযম, নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ওই কলেজে স্থাপিত রাজাকার ও আলবদর ক্যাম্পে যেতে দেখেছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী রুস্তম আলীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন। এ সময় নিজামী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের বিরুদ্ধে মামলায়ও রুস্তম রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। নিজামীর বিরুদ্ধে জবানবন্দিতে রুস্তম আলী বলেন, একাত্তরে তাঁর বাবা রহম আলী মোল্লা শারীরিক শিক্ষা কলেজে নিরাপত্তারক্ষী ছিলেন। তিনি সপরিবারে কর্মচারীদের কোয়ার্টারে থাকতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি সেনারা কলেজ দখল করে সেখানে ক্যাম্প স্থাপন করে। পরে সেখানে রাজাকার-আলবদরদের প্রশিক্ষণকেন্দ্র চালু হয়। একদিন তিনি বাজারে যাওয়ার সময় দেখেন, একটি গাড়িতে করে গোলাম আযম, নিজামী ও মুজাহিদ কলেজের প্রধান ফটকে এসে নামছেন। তিনি তখন এঁদের কাউকে চিনতেন না। তবে কর্তব্যরত রাজাকার ও আলবদর সদস্যদের কাছে তাঁদের নাম জানতে পারেন। তারা জানায়, ওই তিনজন তাদের নেতা। সেদিন ওই তিনজন কলেজের ভেতরে ঢুকে পাকিস্তানি কর্নেলের কার্যালয়ে ঢোকেন। তাঁরা প্রায় এক-দেড় ঘণ্টা সেখানে ছিলেন। এর পরও ওই তিনজন একাধিকবার কলেজে আসেন বলে তিনি শুনেছেন। জবানবন্দির শেষ পর্যায়ে রুস্তম আলী বলেন, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার কয়েক দিন আগে পাকিস্তানি সেনারা বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, শিল্পীসহ ২০০-২৫০ জনকে ক্যাম্পে ধরে আনে ও নির্যাতনের পর তাঁদের হত্যা করে। পরে তাঁদের লাশ রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে ফেলে দেওয়া হয়। দেশ স্বাধীন হওয়ার পর তিনি কলেজের পেছনে রহিম ব্যাপারী ঘাটের একটি ইটের ভাটায় ১০০-১৫০টি মানুষের চোখ স্তূপ করে রাখা দেখেন। এ ছাড়া তিনি কলেজের পেছন থেকে নয়টি খুলি উদ্ধার করেন।জবানবন্দি শেষে রুস্তমকে আসামিপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম ুপ্রশ্ন করেন, বাংলাদেশ কত তারিখে স্বাধীন হয়? জবাবে রুস্তম বলেন, ‘আমি জানি না।’ পরে এই সাক্ষীকে জেরার জন্য ৩১ মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।