নিজামীর অবস্থার উন্নতি হলেও স্থিতিশীল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর স্বাস্থ্য পরীক্ষা-সংক্রান্ত প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ৷ প্রতিবেদনে বলা হয়েছে, আগের তুলনায় নিজামীর শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো স্থিতিশীল নয়৷
কারা কর্তৃপক্ষ গতকাল বিকেলে নিজামীর স্বাস্থ্য পরীক্ষার এ প্রতিবেদন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে জমা দেয়৷ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন৷
গত মঙ্গলবার ট্রাইব্যুনাল-১-এ নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। এ জন্য সোমবার সন্ধ্যায় তাঁকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়৷ কিন্তু সোমবার গভীর রাতে অস্বাভাবিক উচ্চ রক্তচাপের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে হাজির হওয়ার মতো সুস্থ না হওয়ায় কারা কর্তৃপক্ষ তা ট্রাইব্যুনালকে জানায়৷ আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা যুক্তিসংগত মনে না করায় ট্রাইব্যুনাল তা আবারও অপেক্ষমাণ (সিএভি-কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখেন। ট্রাইব্যুনাল আদেশে বলেন, যত দ্রুত সম্ভব নিজামীর স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত প্রতিবেদন ট্রাইব্যুনালকে পাঠাতে হবে।
ওই আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল কারা কর্তৃপক্ষ নিজামীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাঠায়৷ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তর জানায়, নিজামী পুরো সুস্থ হলে কারা কর্তৃপক্ষকে আরেকটি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে৷