নিজামীর আইনজীবী আসাদ উদ্দিনের সন্ধান দাবি
সুপ্রিম কোর্টের নিখোঁজ আইনজীবী মো. আসাদ উদ্দিনের সন্ধানের দাবি জানিয়েছে তাঁর পরিবার। গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের একটি কমিউনিটি সেন্টারে তাঁর স্ত্রী মোছা. নাহিদ সুলতানা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল বিভাগের অন্যতম আইনজীবী মো. আসাদ উদিন। গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামী এক বিবৃতিতে আসাদ উদ্দিনসহ দুই আইনজীবীকে হয়রানির অভিযোগ করে।
তবে পুলিশ জানিয়েছে, আসাদ উদ্দিনকে গ্রেপ্তারের কোনো খবর তাদের জানা নেই।
লিখিত বক্তব্যে নাহিদ সুলতানা বলেন, ‘বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় আমার স্বামী ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের বাসযোগে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ীর উদ্দেশে রওনা দেন। বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বেলা আনুমানিক আড়াইটায় পৌঁছালে ট্রাফিক সিগন্যালে ওই বাসটি থামানো হয়। পরে সাদাপোশাকধারী পাঁচ-সাতজন ব্যক্তি গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে বাসের ভেতর থেকে আমার স্বামীকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকেই তাঁর খোঁজ পাচ্ছি না। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে।’
লিখিত বক্তব্যে নাহিদ সুলতানা বলেন, ‘পরে এ বিষয়ে জানতে আমরা বঙ্গবন্ধু পশ্চিম, সিরাজগঞ্জ সদর, সলঙ্গা থানাসহ গোয়েন্দা সংস্থার কার্যালয়ে গেলে তাদের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি তাদের জানা নেই। তখন থেকেই স্বামীর সন্ধান না পাওয়ায় আমরা হতাশ
হয়ে পড়েছি। আমার এক বছরের সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে নানা উৎকণ্ঠার মধ্যে রয়েছি।’
নাহিদ সুলতানা তাঁর স্বামীকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাহিদ সুলতানার বড় বোন বিউটি খাতুন, ভাইদের মধ্যে মজনু আলম, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের জানা নেই। কোনো লোককে বাস থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেনি। তা ছাড়া এ বিষয়ে থানায় জিডি করতেও কেউ আসেনি।’