মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আইনজীবী আসাদ উদ্দিনসহ তিনজনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গত সোমবার ঢাকার মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন।
একই দিনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে আসাদ উদ্দিনকে আটক করা এবং নিজামীর অপর আইনজীবী শিশির মনিরের বাড়িতে তল্লাশি চালানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে।
শিশির মনির ও আসাদ উদ্দিনকে হয়রানি না করার নির্দেশনা চেয়ে যে আবেদন করা হয়েছিল, ২ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে তার শুনানির দিন ধার্য করা হয়েছে।
গত সোমবার আসাদ উদ্দিন ছাড়াও আরও যে দুজনকে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়, তাঁরা হলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান ও জামায়াতের কর্মী আবদুর রাজ্জাক।
রোববার তিনজনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মাহবুবুল আলম। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন জানান। আদালত সোমবার শুনানি শেষে আসামিদের দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, ২৪ অক্টোবর রাজধানীর আসাদগেটের একটি রেস্টুরেন্টে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার-প্রক্রিয়া বানচাল করতে সলাপরামর্শের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ২২ অক্টোবর সিরাজগঞ্জে গ্রামের বাড়ি যাওয়ার সময় যমুনা সেতু পার হওয়ার পর বাস থামিয়ে তাঁকে আটক করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নিজামীর আপিল আগামী ৩ নভেম্বর আপিল বিভাগে শুনানির জন্য রয়েছে। আর আপিল বিভাগের ফাঁসির রায়ের বিরুদ্ধে মুজাহিদ যে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছেন, তার শুনানি নির্ধারিত আছে ২ নভেম্বর। দুই মামলাতেই প্রধান আইনজীবী হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
এইচআরডব্লিউর উদ্বেগ: এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, ‘আসাদ উদ্দিনকে আটক করা ও শিশির মনিরের বাড়িতে তল্লাশি চালানোর ঘটনা গভীর উদ্বেগজনক।’ তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ভয়ভীতি দেখানোর জন্যই ঠুনকো অভিযোগ তুলে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের আসামিপক্ষের আইনজীবীদের আটক ও তাঁদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। দুঃখজনকভাবে এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’
ব্র্যাড অ্যাডামস বলেন, জামায়াতের দুই নেতার রিভিউ আবেদনের শুনানির আগে তাঁদের আইনজীবীদের ওপর এই ‘আক্রমণ’ ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতার ওপর একটি বড় আঘাত।