নিজামীর আপিল শুনানি কাল পর্যন্ত মুলতবি

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। কাল এ শুনানি হতে পারে বলে প্রথম আলোকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা ৫ মিনিট পর্যন্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে আপিল শুনানি হয়।
নিজামীর আইনজীবী এস এম শাহজাহান পেপারবুক থেকে সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান।
মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে নিজামীর আপিলের শুনানি শুরু হয় গত ৯ সেপ্টেম্বর।
গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এই রায়ের পর আপিল করেন নিজামী।
আরও পড়ুন..
নিজামীর আপিলের শুনানি আবার শুরু