নিজামীর আপিলে যুক্তি উপস্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিউর রহমান নিজামী
মতিউর রহমান নিজামী

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর প্রথম দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে আসামি পক্ষ। আগামীকাল মঙ্গলবার আবারও তাঁরা যুক্তি উপস্থাপন করবেন।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন তাঁর আইনজীবী এস এম শাহজাহান। সঙ্গে ছিলেন শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২৪ নভেম্বর ষষ্ঠ দিনের মতো নিজামীর আপিলের ওপর শুনানি হয়। পরে আদালত বলেন, ৩০ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে। এরপর ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি দেবে। ৮ ডিসেম্বর আসামিপক্ষ যুক্তি খণ্ডন করবে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। সেখানে নিজামীর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। গত ৯ সেপ্টেম্বর ওই আপিলের শুনানি শুরু হয়।
নিজামীর বিরুদ্ধে মামলার রায়ে ট্রাইব্যুনাল বলেছিলেন, ১৯৭১ সালে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন নিজামী। ছাত্র সংঘই পরে আলবদর বাহিনীতে পরিণত হয়। গুপ্তঘাতক আলবদর বাহিনীই মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি সেনাসদস্যদের সঙ্গে মিলে বুদ্ধিজীবী নিধন চালায়। সেই হিসেবে আলবদর বাহিনীর অপরাধ ও কৃতকর্মের দায়দায়িত্ব নেতা হিসেবে নিজামীর ওপর বর্তায়।