নিজামীর আপিলের পরবর্তী শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আপিলের পরবর্তী শুনানি কাল বুধবার হবে।

আজ মঙ্গলবার ধার্য দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

নিজামীর করা আপিলের শুনানি শুরু হয় গত ৯ সেপ্টেম্বর। ওই দিন ৩ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন আপিল বিভাগ। বেঞ্চের একজন বিচারপতি অনুপস্থিত থাকায় ওই দিন (৩ নভেম্বর) আপিলের শুনানি হয়নি।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চের আজকের কার্যতালিকার ৪ নম্বরে ছিল নিজামীর আপিল।

গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে তিনি ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বাতিল চেয়ে ও খালাসের আরজি জানিয়ে সর্বোচ্চ আদালতে আপিল করেন।

ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।