নিজামীর আপিলের রায় কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায় কাল বুধবার ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। 

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আপিল বিভাগে আগামীকালের কার্যতালিকায় এটি ১ নম্বরে রাখা হয়েছে। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ৮ ডিসেম্বর নিজামীর আপিলের শুনানিতে দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে আদালত ৬ জানুয়ারি (২০১৬) রায়ের তারিখ ঘোষণা করেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘সারা দেশের মানুষের মতো আমিও নিজামীর সর্বোচ্চ সাজার প্রত্যাশায় আছি।’ তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন অনুসারে অপরাধ প্রমাণ হলে প্রথম সাজা মৃত্যুদণ্ড।
অন্যদিকে নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অবশ্য নিজামী খালাস পাবেন বলে আশা করছেন। আজ তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘যদি সাজা বহালও থাকে, তাহলেও তাঁর ফাঁসির সাজা থাকবে না বলে আমরা বিশ্বাস করি।’

চার অভিযোগে নিজামীর ফাঁসি
২০১২ সালের ২৮ মে ট্রাইব্যুনাল নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু করেন। ২০১৪ সালের ২৯ অক্টোবর এ মামলার রায়ে নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। তাঁর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যাসহ চারটি অভিযোগে নিজামীকে ফাঁসির আদেশ দেওয়া হয়। রায়ে ট্রাইব্যুনাল বলেন, একাত্তরে নিজামী ছিলেন জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি। ছাত্র সংঘই পরে আলবদর বাহিনীতে পরিণত হয়, আর গুপ্তঘাতক আলবদর বাহিনীই মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে বুদ্ধিজীবী নিধন চালায়। আলবদর বাহিনীর অপরাধ ও কৃতকর্মের দায়দায়িত্ব নেতা হিসেবে নিজামীর ওপর বর্তায়। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। গত বছরের ৯ সেপ্টেম্বর আপিলের শুনানি শুরু হয়। ১১ কার্যদিবস শুনানি শেষে ৮ ডিসেম্বর শেষ হয়।
২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের এক মামলায় নিজামীকে গ্রেপ্তারের পর ওই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় থেকে তিনি কারাগারে আছেন।
নিজামীর আপিলের রায়টি হবে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে পঞ্চম রায়। অপর চারটি রায় হয়েছে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, দুই সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে। এঁদের মধ্যে রায় বহাল থাকায় মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় গত ৩১ ডিসেম্বর প্রকাশিত হয়েছে।