নিজামীর আপিলের শুনানি আবার শুরু
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির আদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের শুনানি প্রায় দুই মাস পর আবার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের মতো এই শুনানি হয়। আজ বুধবারও মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল নিজামীর পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। পেপারবুক থেকে অভিযোগ উপস্থাপনের জন্য তাঁকে সহযোগিতা করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে নিজামীর আপিলের শুনানি শুরু হয় গত ৯ সেপ্টেম্বর। প্রথম দিন শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন পেপারবুক উপস্থাপন শুরু করেছিলেন। এরপর সর্বোচ্চ আদালতে প্রায় দেড় মাসের অবকাশ শুরু হয়। ৩ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা ছিল। তবে ওই দিনও শুনানি হয়নি। গতকাল থেকে আবার মামলাটির শুনানি শুরু হলো।
গত বছরের ২৯ অক্টোবর ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এই রায়ের পর আপিল করেন নিজামী।