মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আপিলের শুনানি শুরু হয়েছে। গতকাল বুধবার প্রথম দিনের শুনানি শেষে ৩ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে। বেঞ্চের অপর সদস্যরা হলেন: বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল আপিল বিভাগের কার্যতালিকার ৫ নম্বরে নিজামীর মামলা ও আসামিপক্ষের একটি মুলতবি আবেদন শুনানির জন্য ছিল। সকালে আসামিপক্ষের মুলতবি আবেদন খারিজ করে আদালত বলেন, শুনানি যথাসময়ে অনুষ্ঠিত হবে। পরে বেলা পৌনে ১১টার দিকে নিজামীর আপিলের শুনানি শুরু হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পেপারবুক থেকে নিজামীর বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনান। তাঁকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
এরপর আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদিন আপিলের পেপারবুক উপস্থাপন শুরু করেন। তিনি অভিযোগভিত্তিক সাক্ষীদের সাক্ষ্য উপস্থাপন শুরু করেছেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির।
গতকাল শুনানি শেষে আদালত ৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ১৮ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হচ্ছে, যা শেষ হবে ৩১ অক্টোবর। আদালত বলেন, এর মধ্যে দুই পক্ষকেই মামলার লিখিত যুক্তি জমা দিতে হবে।
গত বছর ২৯ অক্টোবর ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এ রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে আপিল করেন নিজামী।
এই নিয়ে আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের ষষ্ঠ মামলার শুনানি শুরু হলো। এর আগে পাঁচটি মামলা নিষ্পত্তি করেছেন সর্বোচ্চ আদালত। এগুলো হলো: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিল মামলা। এর মধ্যে কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হয়েছে।