নিজামীর কুশপুত্তলিকা দাহ করেছেন আলেমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে তুলনা করার প্রতিবাদ জানিয়েছে ওলামা মাশায়েখ সংহতি পরিষদ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদের বিক্ষোভ শেষে নিজামীর কুশপুত্তলিকা পোড়ায় বিক্ষোভকারীরা।জুমার নামাজ শেষে সংগঠনের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় উপস্থিত ছিল। কুশপুত্তলিকা দাহের আগে সংক্ষিপ্ত সমাবেশে ফরিদ উদ্দিন মাসউদ বলেন, রাসুল (সা.)-এর সঙ্গে কুখ্যাত রাজাকার ও যুদ্ধাপরাধী নিজামীর তুলনা করে মহানবীর অবমাননা করা হয়েছে। এ করে তৌহিদী মুসলমানদের অন্তরে আঘাত দেওয়া হয়েছে। তিনি যুদ্ধাপরাধের বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগেই এ ঘটনায় নিজামীর বিচার দাবি করেন।উল্লেখ্য, গত বুধবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত সিরাতুন্নবী (স.)-এর আলোচনায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান বলেছিলেন, ‘ইসলামের দাওয়াত দেওয়ার সময় মহানবী (সা.)-এর বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্র হয়েছে। তেমনি আজ বাংলাদেশে নিজামীর বিরুদ্ধেও মিথ্যাচার ও ষড়যন্ত্র করা হচ্ছে।’