নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র উত্তেজনা

মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে আজ বুধবার নগরের চট্টগ্রাম কলেজ-সংলগ্ন প্যারেড মাঠে জামায়াতের নেতা-কর্মীর সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষক ও পুলিশের চারটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি গুলি ছোড়ে। গায়েবানা জানাজা শেষ হওয়ার পর নগরের বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে চট্টগ্রাম কলেজ-সংলগ্ন এলাকায় হামলা ও ভাঙচুর চালায়।
পুলিশ সূত্র জানায়, বেলা দেড়টায় প্যারেড মাঠে নিজামীর গায়েবানা জানাজার কর্মসূচি দেয় জামায়াত। সেই কর্মসূচি ঠেকানোর ঘোষণা দিয়ে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ কলেজের ফটকে অবস্থান নেয়। ফলে সকাল থেকে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, টান টান উত্তেজনার মধ্যে প্যারেড মাঠের পূর্বদিকে সিরাজউদ্দৌলা সড়কে বেলা দেড়টার দিকে গায়েবানা জানাজা শুরু করেন জামায়াতের হাজার দেড়েক নেতা-কর্মী। আর চট্টগ্রাম কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে ছাত্রলীগের ৪৫ থেকে ৫০ জন নেতা-কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জামায়াতবিরোধী বক্তব্য রাখছিলেন। সিরাজউদ্দৌলা সড়কে জানাজা শেষ হয়ে যাওয়ায় জামায়াতের আরও কয়েক শ কর্মী সিরাজউদ্দৌলা সড়ক সংযুক্ত কেয়ারি ইলসিয়াম ভবন সড়কে জানাজা পড়ার জন্য দাঁড়ান। হঠাৎ তাঁরা জানাজা ফেলে প্যারেড মাঠের উত্তর দিকের ফটক খুলে ভেতরে ঢুকে যান। এ সময় তাঁদের সঙ্গে যোগ দেন সহস্রাধিক কর্মী। এরপর তাঁদের মধ্যে কয়েকজন দু-তিনটি ককটেল ফাটিয়ে ও বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে ছুড়তে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে যান। আরেকটি অংশ ছাত্রাবাস ফটকের লোহার গেট ভেঙে পুলিশের ওপর চড়াও হয়। পুলিশ পিছু হটে জিমনেসিয়ামের কাছে অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা আরও জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে তিনজন শিক্ষক ও এক পুলিশ সদস্যের মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করে ও তিনজনকে বেধড়ক পেটান। পরে পুলিশ এলে পিটুনির শিকার তিনজন চলে যান।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, হামলার ঘটনায় পুলিশ চট্টগ্রাম কলেজ-চকবাজার সড়কে গাড়ি চলাচল বন্ধ করে পাল্টা ফাঁকা গুলি ছুড়তে থাকে। এতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পিছু হটে জানাজার জন্য প্যারেড মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ান। দ্বিতীয় দফা গায়েবানা জানাজার পর বেলা ২টা ১০ মিনিটে জামায়াতের নেতা-কর্মীরা প্যারেড মাঠের উত্তর ফটক দিয়ে চলে যান।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নিজামীর গায়েবানা জানাজা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জামায়াতের লোকজন পুলিশের ওপর চড়াও হলে আমরা ১০-১২টি ফাঁকা গুলি ছুড়ি। এতে তারাও পিছু হটে যায়। পরে গায়েবানা জানাজার পর তারা এলাকা ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’
কলেজের ভূগোলের প্রভাষক দিবস চাকমা প্রথম আলোকে বলেন, ‘মাত্র এক মাস আগে ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি কিনেছিলাম। কিন্তু কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের গাড়ি ভাঙচুর হবে, তা ভাবতে কষ্ট হচ্ছে।’
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও নগর কমিটির সহসভাপতি আবু মোহাম্মদ আরিফ বলেন, ‘আমরা ছাত্রাবাস ফটক-সংলগ্ন সড়কে অবস্থা নিতে চেয়েছিলাম। পুলিশ আমাদের সরিয়ে দিলে কলেজের মূল ফটকে অবস্থান নিই। এই সুযোগে জামায়াত-শিবিরের লোকজন প্যারেড মাঠে প্রবেশের সুযোগ পায়। তাদের হামলা তীব্রতর হলে আমরা মূল ফটক থেকে কলেজের ভেতরে ঢুকে জামায়াত-শিবিরকে ধাওয়া করি। এ সময় তাদের তিনজনকে পিটুনি দেয় ক্ষুব্ধ ছাত্ররা। তারা ধাওয়া খেয়ে প্যারেড মাঠের দিকে চলে যায়।’
এদিকে প্যারেড মাঠে গায়েবানা জানাজা আদায়ের খবর ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের শত শত কর্মী-সমর্থক চট্টগ্রাম ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ চত্বরে জড়ো হন। তাঁরা সেখানে জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দিয়ে চট্টগ্রাম কলেজ-সংলগ্ন সড়কের পাশে কয়েকটি দোকান ও অটোরিকশা ভাঙচুর করেন। ওই পথ দিয়ে রিকশা চলাচলেও বাধা সৃষ্টি করেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, ছাত্রলীগের স্লোগান দিয়ে হামলাকারীরা নগরের বিভিন্ন জায়গা থেকে জড়ো হন। তাঁদের হাতে লাঠিসোঁটা, দা ও রড দেখা গেছে। বিকেল পর্যন্ত তাঁরা সেখানে স্লোগান দিয়ে ভাঙচুর চালান।
ভাঙচুর প্রসঙ্গে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ আরিফ বলেন, ‘বস্তির অনেক ছেলে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকতে পারে। বহিরাগত যুবক ও কিশোরেরা এসব ঘটনায় জড়িত, যার সঙ্গে ছাত্রলীগের সম্পর্ক নেই। আর ঘটনার আগে ও পরে আমরা কলেজ ক্যাম্পাসে ছিলাম।’
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ জানাজা-পরবর্তী ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘বড় ধরনের কিছু ঘটলে আমরা জানতাম।’