মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র: জবানবন্দিতে আজহারুল হকের স্ত্রী সালমা হক
নিজামীর নির্দেশে চিকিৎসক আজহারুলকে হত্যা করা হয়

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী সৈয়দা সালমা হক। তিনি মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক আজহারুল হকের স্ত্রী।
জবানবন্দিতে সালমা হক বলেন, নিজামীর নির্দেশে একাত্তরের ১৫ নভেম্বর তাঁর স্বামী আজহারুল হক ও চিকিৎসক হুমায়ুন কবীরকে আলবদররা ধরে নিয়ে হত্যা করে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সালমা হকের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
জবানবন্দিতে সালমা হক বলেন, ১৯৭০ সালে বিয়ের পর তাঁরা ঢাকার ২২ নম্বর ফ্রি স্কুল স্ট্রিটে (হাতিরপুল) ভাড়া থাকতেন। তাঁর স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। পাশাপাশি বাসার কাছে সাইদা ফার্মেসিতে রোগী দেখতেন। তাঁর স্বামী একাত্তরের ২৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ওই ফার্মেসিতে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতেন। ওই ফার্মেসির বিপরীতে আলী ফার্মেসি নামে আরেকটি ওষুধের দোকান ছিল। আলী ফার্মেসির বিহারি মালিক আলী সব সময় তাঁর স্বামীর গতিবিধি লক্ষ করতেন। তাঁদের সন্দেহ, তাঁর স্বামীর কাছে কখন কারা আসতেন, তিনি কোথায় যেতেন, এ-সম্পর্কিত তথ্য আলী পাকিস্তানি সেনাদের জানাতেন।
রাষ্ট্রপক্ষের এ সাক্ষী বলেন, একাত্তরের ১৫ নভেম্বর ভোর সাড়ে ছয়টার দিকে তাঁর স্বামী হাসপাতালে যাওয়ার জন্য অ্যাপ্রন আনতে গৃহকর্মী শাহাদাতকে লন্ড্রিতে পাঠান। কিছুক্ষণ পর শাহাদাত খালি হাতে ফিরে এসে জানায়, পাকিস্তানি সেনা ও কিছু সশস্ত্র বাঙালি তাঁদের এলাকা ঘিরে রেখেছে। এ কথা শুনে তাঁর স্বামী বাড়িওয়ালার বাসা থেকে হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলেন এবং বাসার ফটকে গিয়ে অপেক্ষা করতে থাকেন। সামনের বাড়িতে বসবাসকারী চিকিৎসক হুমায়ুন কবীরও তাঁর সঙ্গে যাওয়ার জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর গৃহকর্মী তাঁকে খবর দেয়, তাঁর স্বামী ও হুমায়ুন কবীরকে পাকিস্তানি সেনা ও অস্ত্রধারীরা ধরে নিয়ে যাচ্ছে। এ কথা শুনে তিনি দৌড়ে নিচে গিয়ে দেখেন, তাঁদের দুজনকে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করে রাস্তার দিকে নেওয়া হচ্ছে। তিনি চিৎকার করলে অস্ত্রধারী বাঙালিরা তাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে বাসায় যেতে বাধ্য করে। এ সময় তিনি ওই অস্ত্রধারীদের জিজ্ঞাসা করেন, ‘তোমরা কারা? আমার স্বামীকে কোথায় নিয়ে গেলে?’ উত্তরে অস্ত্রধারীরা বলে, ‘আমরা আলবদর বাহিনীর সদস্য। আমাদের হাইকমান্ড মতিউর রহমান নিজামীর নির্দেশে আপনার স্বামী ও হুমায়ুনকে নিয়ে যেতে এসেছি।’
জবানবন্দির শেষ দিকে কান্নাজড়িত কণ্ঠে সালমা হক জানান, একাত্তরের ১৬ নভেম্বর নটর ডেম কলেজের পাশের কালভার্টের নিচে নর্দমার মধ্যে হাত, পা, চোখ বাঁধা অবস্থায় তাঁর স্বামী ও হুমায়ুন কবীরের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। ওই সময় তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি দেশের সেরা সন্তানদের যাঁরা বিনা অপরাধে ধরে নিয়ে হত্যা করেছে সেই সব ঘাতকের সর্বোচ্চ শাস্তির আরজি জানান ট্রাইব্যুনালের কাছে।
জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। একটি প্রশ্নের পর জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম কাল বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
আসামিপক্ষের একটি আবেদন খারিজ: ট্রাইব্যুনাল গতকাল এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী শ্যামলী নাসরিন চৌধুরীর জবানবন্দি প্রত্যাহার চেয়ে আসামিপক্ষের করা আবেদন খারিজ করেন। দুই পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেন।