নিজামীর নির্দেশে পাকিস্তানি সেনারা ৪০০ নারী-পুরুষকে হত্যা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী মো. জহুরুল হক। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৪ মে নিজামীর নির্দেশে পাকিস্তানি সেনারা পাবনার সাঁথিয়ার বাউশগাড়ী গ্রামের প্রায় ৪০০ নারী-পুরুষকে গুলি করে হত্যা করে।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জহুরুল হকের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। নিজামী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।

মানবতাবিরোধী অপরাধের বিচার
মানবতাবিরোধী অপরাধের বিচার

জবানবন্দিতে জহুরুল হক (৬৮) বলেন, তাঁর বাড়ি পাবনার সাঁথিয়া থানার হাড়িয়া গ্রামে। তিনি মুক্তিযোদ্ধা। একাত্তরে তিনি বেড়া থানার রাজনারায়ণপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বন্ধুবান্ধব নিয়ে সাঁথিয়ায় সংগ্রাম পরিষদ গড়ে তোলেন। ১৩ মে তিনি, বন্ধু মোতাহার হোসেন, রহিজ উদ্দিন, আলতাব হোসেন, আবদুল খালেকসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে সাঁথিয়ার বাউশগাড়ী গ্রামে শহীদ আবদুল জব্বারের বাড়িতে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেন। এ সময় তিনি রূপসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আইনুল হকের কাছে জানতে পারেন, ১০ মে ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি মতিউর রহমান নিজামী ১০-১২ জন দালাল নিয়ে রূপসী প্রাথমিক বিদ্যালয়ে যান। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যদের নিয়ে আলোচনা করেন যে শিগগির পাকিস্তানি সেনারা শান্তি কমিটি গঠন করতে যাবে। রাজাকার-আলবদর বাহিনীও গঠন করা হবে এবং তিনি সবাইকে পাকিস্তানি সেনাদের সার্বিকভাবে সহযোগিতা করার নির্দেশ দেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ১৪ মে ফজরের নামাজের পর গোলাগুলির শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। তিনি রাস্তার পাশে ঝোপের আড়াল থেকে দেখেন, নিজামী, আসাদ, কাদের, ছাত্তারসহ কয়েকজন দালাল ও পাকিস্তানি সেনাদের একটি দল নির্বিচারে গুলি চালিয়ে রাস্তা দিয়ে দক্ষিণ দিকে এগোচ্ছে। তিনি দ্রুত সঙ্গীদের নিয়ে গ্রামের পূর্ব পাশের বিলের দিকে পালিয়ে যান। আনুমানিক ছয়-সাত ঘণ্টা পর তিনি বাউশগাড়ী ফেরেন। সেখানে গিয়ে দেখেন, রাস্তার পাশে হিন্দু-মুসলমানসহ আনুমানিক ৪০০ নারী-পুরুষের মৃতদেহ পড়ে আছে। উপস্থিত মানুষের কাছে শোনেন, নিজামীর উপস্থিতিতে এসব নিরীহ-নিরস্ত্র মানুষকে জড়ো করা হয় এবং নিজামীর নির্দেশে পাকিস্তানি সেনারা বৃষ্টির মতো গুলি করে তাঁদের হত্যা করে। তিনি ৫০-৬০ জনের মৃতদেহ শনাক্ত করেন। জহুরুল হক বলেন, সম্ভবত একাত্তরের ১১ বা ১২ মে তৎকালীন ইসলামী ছাত্র সংঘের সভাপতি মতিউর রহমান নিজামী ও ইছহাক মাওলানা ১০০-১৫০ জন রাজাকার-আলবদরকে সঙ্গে নিয়ে সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয়ে রাজাকার ক্যাম্প উদ্বোধন করেন। সেখানে উদ্বোধনী ভাষণে নিজামী বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের হত্যা করতে হবে এবং স্থানীয় যুবকদের রাজাকার-আলবদরে ভর্তি করাতে হবে। এসব কথা তিনি সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. তোফাজ্জল হোসেন এবং আরও অনেকের কাছে শুনেছেন। নিজামীর পরিকল্পনায়, পরামর্শে ও প্রত্যক্ষ মদদে পাকিস্তানি সেনা, রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরা বেড়া ও সাঁথিয়া থানার বহু নিরস্ত্র ও নিরীহ লোককে হত্যা করে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের ঘরবাড়ি লুট করে জ্বালিয়ে দেয়। এ ছাড়া নারী ধর্ষণের কথাও শোনা যায়। এসব তথ্য আটক রাজাকার, আলবদরদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তিনি জেনেছেন।

জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা নিজামীকে শনাক্ত করেন রাষ্ট্রপক্ষের সাক্ষী। পরে তাঁকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।