নিজামীর নির্দেশে বাবাকে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী হাবিবুর রহমান। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরের ১৯ ডিসেম্বর আলবদরের এক সদস্য তাঁকে জানান, নিজামীর নির্দেশে আলবদরের সদস্যরা তাঁর বাবাকে হত্যা করেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাবিবুর রহমানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন। নিজামী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জবানবন্দিতে হাবিবুর (৫৬) বলেন, তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার সাধুপাড়া গ্রামে। তিনি ভারতের দেরাদুনে মুক্তিযুদ্ধের উচ্চতর প্রশিক্ষণ নিয়ে একাত্তরের ১৭ আগস্ট দেশে ফিরে জানতে পারেন, পাবনা জেলা স্কুলের মাওলানা কছিমুদ্দীনকে হত্যা করা হয়েছে। কছিমুদ্দীনের ছেলে শিবলী তাঁর বন্ধু। তিনি সমবেদনা জানাতে ১৯ আগস্ট গভীর রাতে শিবলীর বাসায় যান। শিবলী জানান, ৪ জুন কছিমুদ্দীন স্ত্রী-সন্তানদের বলেন, মতিউর রহমান নিজামী তাঁকে মেরে ফেলার জন্য তালিকাভুক্ত করেছেন। তাঁদের সাবধানে থাকতে বলে কছিমুদ্দীন পালানোর সময় তিন রাস্তার মোড়ে জামায়াতের কয়েকজন সদস্য তাঁকে পাকিস্তানি সেনাদের কাছে ধরিয়ে দেন। কছিমুদ্দীনকে নূরপুর পাকিস্তানি সেনাক্যাম্পে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়। খবর পেয়ে শিবলী, তাঁর মা ও ভাইবোনেরা ওই ক্যাম্পের সামনে গিয়ে বাবাকে ছাড়াতে কাকুতি-মিনতি করেন। তখন তাঁরা নিজামীকে ক্যাম্পে ঢুকতে দেখেন। শিবলীর মা নিজামীর পায়ে পড়ে স্বামীকে ছেড়ে দিতে মিনতি জানান। নিজামী তাঁদের বলেন, ‘তোমার স্বামীকে গিয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং দিতে বলোগে।’ অসহযোগ আন্দোলনের সময় কছিমুদ্দীন জেলা স্কুলে ডামি রাইফেল দিয়ে ছাত্রদের প্রশিক্ষণ দিতেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ১০ জুন কছিমুদ্দীনসহ তিনজনকে নূরপুর ক্যাম্পের প্রায় ৩০ কিলোমিটার দূরে মাধপুরে ইছামতী নদীর পাড়ে বাঁশবাগানে নিয়ে পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করে। পরিবারের সদস্যরা খবর পেয়ে সেখানে গিয়ে কবর দেখেন। স্থানীয় লোকজন তাঁদের জানান, হত্যার সময় নিজামী উপস্থিত ছিলেন।হাবিবুর আরও বলেন, একাত্তরের ১৪ অক্টোবর তাঁর বাবা কোবাদ আলী মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আলবদরের সদস্যরা তাঁকে নির্মমভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধ শেষে ১৯ ডিসেম্বর আজিজুল নামে এক আলবদরের সদস্য জিজ্ঞাসাবাদে তাঁকে বলেন, ‘মতিউর রহমান নিজামীর নির্দেশে আপনার পিতাকে হত্যা করেছি।’রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, একাত্তরের এপ্রিল থেকে আত্মসমর্পণ করার আগ পর্যন্ত পাকিস্তানি সেনা, রাজাকার ও আলবদরের হাতে পাবনায় প্রায় ৫০ হাজার মানুষ মারা যায়। তখন পাকিস্তান ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি ছিলেন মতিউর রহমান নিজামী। তাঁর নির্দেশে আলবদর বাহিনী ও পাকিস্তানি সেনারা মিলিতভাবে এই হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযুদ্ধকালে আলবদরদের ‘অ্যামবুশ’ করে তিনি ও অন্য মুক্তিযোদ্ধারা নিজামীর স্বাক্ষর করা আলবদরদের পরিচিতিপত্র পেয়েছিলেন।জবানবন্দি শেষে হাবিবুরকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত মুলতবি করা হয়।