মানবতাবিরোধী অপরাধের বিচার: জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী
নিজামীর নির্দেশে রাজাকাররা মুক্তিযোদ্ধা বাতেনকে হত্যা করে

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বাদশ সাক্ষী হিসেবে গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক রথীন্দ্রনাথ কুণ্ডু। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে নিজামীর নির্দেশে রাজাকাররা মুক্তিযোদ্ধা বাতেনকে ধরে নিয়ে নিরস্ত্র অবস্থায় হত্যা করে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রথীন্দ্রনাথের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
রথীন্দ্রনাথ কুণ্ডু (৫৮) জবানবন্দিতে বলেন, তাঁর গ্রামের বাড়ি পাবনার বেড়া থানার নাকালিয়া গ্রামে। ১৯৮৪ সালে এমবিবিএস পাস করে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৮৫ সালে তিনি সস্ত্রীক নীলফামারীতে ভায়রা অনিল কুণ্ডুর বাড়িতে যান। সেখানে তিনি অনিলের কাছে মুক্তিযুদ্ধকালের কয়েকটি ঘটনা শোনেন। অনিলের বাড়ি ছিল সাঁথিয়া থানার সোনাতলা গ্রামে। মুক্তিযুদ্ধ শুরু হলে অনিল ভারতের পানিঘাটায় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে যান। সেখানে তিন-চার মাস প্রশিক্ষণ শেষে দেশে ফিরে তিনি ৭ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার অপরাধে ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) নাজেম-এ-আলা (সভাপতি) ও আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা মতিউর রহমান নিজামীর নির্দেশে একদল রাজাকার একাত্তরের মে মাসে অনিলদের বাড়ি লুট করে আগুনে পুড়িয়ে দেয়। নিজামীর এক ভাগনে ওই লুটপাট ও অগ্নিসংযোগে নেতৃত্ব দেন।
রাষ্ট্রপক্ষের সাক্ষী রথীন্দ্রনাথ বলেন, বাড়ি পুড়িয়ে দেওয়ায় অনিল ক্ষোভে নিজামীর ভাগনেকে ধরার জন্য ফাঁদ পাতেন। অনিল ও তাঁর গ্রুপ কমান্ডার বাতেন, হামিদ, ফণীন্দ্রনাথ ঘোষ, হাবিবুর রহমানসহ অন্য মুক্তিযোদ্ধারা সোনাতলা গ্রামের পাশে ইছামতী নদীতে টহল দিতেন। আগস্ট মাসের শেষ দিকে নিজামীর ওই ভাগনে অনিলসহ অন্য মুক্তিযোদ্ধাদের ফাঁদে ধরা পড়েন। পরে নিজামীর ভাগনেকে জবাই করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
রথীন্দ্রনাথ আরও বলেন, নিজামীর ভাগনেকে হত্যার ‘অপরাধে’ একাত্তরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে নিজামীর নির্দেশে একদল রাজাকার মুক্তিযোদ্ধা বাতেনকে ধরে নিয়ে নিরস্ত্র অবস্থায় হত্যা করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর নিজামীর ভয়ে অনিল সোনাতলা গ্রাম ত্যাগ করে নীলফামারী চলে যান।
রাষ্ট্রপক্ষের দ্বাদশ সাক্ষী বলেন, একাত্তরের আগস্ট মাসের শেষ সপ্তাহে তিনি আটঘরিয়ায় থাকাকালে তাঁর সঙ্গে স্কুলজীবনের বন্ধু স্বপনের দেখা হয়। স্বপন তাঁকে বলেন, একাত্তরের ১০ জুন তাঁদের স্কুলের শিক্ষক মাওলানা কছিমউদ্দিন আহমেদসহ আরও দুজনের চোখ বেঁধে পাকিস্তানি সেনারা জিপে করে নিয়ে যাচ্ছিল। স্বপন ওই জিপে নিজামীকে বসা দেখেছিলেন।
জবানবন্দি শেষে রথীন্দ্রনাথ কুণ্ডুকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।