নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে আসামিপক্ষ। এ সময় আসামিপক্ষ দাবি করেছে, নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল নিজামীর পক্ষে যুক্তি দেন আইনজীবী মিজানুল ইসলাম। গতকাল তিনি ঘটনার বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন। ২৩ মার্চ (রোববার) থেকে আসামিপক্ষ আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন করবে।
গতকাল যুক্তিতে মিজানুল ইসলাম বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগটি সুনির্দিষ্ট নয় এবং এটি সঠিকভাবে গঠন করা হয়নি। কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ এই অভিযোগের মধ্যে নেই। রাষ্ট্রপক্ষ এই অভিযোগের পক্ষে দুজন সাক্ষীকে পরীক্ষা করেছে। কিন্তু তাঁদের সাক্ষ্য অসত্য। তদন্ত কর্মকর্তা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে কোনো প্রতিবেদন বা এ ঘটনার প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষীকে আদালতে হাজির করেননি।
মিজানুল ইসলাম দাবি করেন, এই অভিযোগ প্রমাণ করার জন্য রাষ্ট্রপক্ষ অনেক সুযোগ পেয়েছে। শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী রাষ্ট্রপক্ষের সাক্ষীদের তালিকায় ছিলেন না। তাঁকে অতিরিক্ত সাক্ষী হিসেবে হাজির করা হয়েছে এবং সে বিষয়টিও আসামিপক্ষকে জানানো হয়নি।
নিজামীর বিরুদ্ধে মামলায় ১০ মার্চ দ্বিতীয় দফায় যুক্তি উপস্থাপন শুরু হয়। প্রথমে রাষ্ট্রপক্ষ যুক্তি দেয়।