জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার আসামিপক্ষ দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে। এ সময় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আসামিপক্ষ।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল নিজামীর পক্ষে যুক্তি দেন আইনজীবী মিজানুল ইসলাম। যুক্তি উপস্থাপনকালে তিনি দাবি করেন, নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য তদন্ত কর্মকর্তা রাষ্ট্রপক্ষের সাক্ষীদের প্ররোচিত করেছেন।
নিজামীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ১৬টি অভিযোগ রয়েছে। গতকাল মিজানুল ইসলাম কমপক্ষে চারটি অভিযোগের বিষয়ে যুক্তি দেন। এ সময় তিনি অভিযোগগুলো তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সাক্ষীদের সাক্ষ্য ও এর অগ্রহণযোগ্যতার সপক্ষে আসামিপক্ষের যুক্তি তুলে ধরেন। আজ বৃহস্পতিবার এই মামলায় আসামিপক্ষ আবার যুক্তি উপস্থাপন করবে।
নিজামীর বিরুদ্ধে মামলাটির কার্যক্রম গত বছরের নভেম্বরে শেষ হয়। মামলাটি রায়ের অপেক্ষায় থাকা অবস্থায় ৩১ ডিসেম্বর এই ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর অবসরে যান। পরে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে চেয়ারম্যান করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনাল এই মামলায় দ্বিতীয় দফায় যুক্তি উপস্থাপনের আদেশ দেন। ওই আদেশ অনুসারে ১০ মার্চ থেকে আবার যুক্তি উপস্থাপন শুরু হয়। প্রথমে যুক্তি উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের তিন দিনের যুক্তি উপস্থাপন শেষ হয় ১২ মার্চ। যুক্তি উপস্থাপনের শেষ দিনে রাষ্ট্রপক্ষ মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নিজামীর সর্বোচ্চ সাজার আরজি জানায়।