নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতা-বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানিতে গতকাল মঙ্গলবার আসামিপক্ষ বলেছে, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায় নিজামীর ওপর পড়ে না। কারণ, ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বরের পর তিনি ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন না।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল দ্বিতীয় দিনের মতো নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী এস এম শাহজাহান। তাঁকে সহযোগিতা করেন শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
একটি উর্দু বইয়ের অনুবাদ উদ্ধৃত করে আসামিপক্ষ বলে, ৩০ সেপ্টেম্বরের পর নিজামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন) সভাপতি ছিলেন না। তখন তাসনীম আলম মানজার নামে একজন ছাত্র সংঘের সভাপতি হন। তাই ছাত্র সংঘের সভাপতি হিসেবে পদাধিকারবলে আলবদর বাহিনীর প্রধান হিসেবে ৩০ সেপ্টেম্বরের পর সংঘটিত অপরাধে নিজামীকে জড়ানোর সুযোগ নেই।
আসামিপক্ষ আরও বলে, আলবদর বাহিনী মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সশস্ত্র সহযোগী বাহিনী ছিল। আলবদর বাহিনীর স্বতন্ত্র সাংগঠনিক কাঠামো, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা, বেতন-ভাতা ও অস্ত্রশস্ত্র ছিল। তাই নিজামীর মতো বেসামরিক ব্যক্তির কোনোভাবেই আলবদরের প্রধান হওয়ার সুযোগ ছিল না। তাই আলবদর যে অপরাধ করেছে, তার দায় নিজামীর কাঁধে বর্তায় না। আসামিপক্ষ যুক্তির পক্ষে বিভিন্ন নথি ও প্রদর্শনী তুলে ধরে।
আজ বুধবার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ করার কথা।