নিজামীর পক্ষে লিখিত যুক্তি উপস্থাপনের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষকে লিখিতভাবে যুক্তি উপস্থাপন করার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ কথা বলেন। হরতালের দ্বিতীয় দিন গতকালও আসামিপক্ষের মামলা পরিচালনকারী আইনজীবীদের কেউ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। তবে নিজামীকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গতকালও আসামিপক্ষের সহযোগী আইনজীবী আসাদ উদ্দিন মামলার কার্যক্রম তিন দিনের জন্য মুলতবির আরজি জানান। এ সময় ট্রাইব্যুনাল বলেন, যেভাবে হরতাল চলছে, এটা নিশ্চিত নয় যে কবে আসামিপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালে আসতে পারবেন। কিন্তু এ জন্য আদালত অলসভাবে বসে থাকতে পারেন না। হরতালের মধ্যে নির্ধারিত সময় পার হয়ে গেলে আসামিপক্ষকে অতিরিক্ত সময় মঞ্জুর করা হবে না। তবে যেহেতু দুই পক্ষেরই জন্য যুক্তি উপস্থাপন গুরুত্বপূর্ণ, তাই ট্রাইব্যুনাল আসামিপক্ষকে লিখিতভাবে যুক্তি উপস্থাপন করার জন্য প্রস্তুত থাকতে বলেন।