নিজামীর পক্ষে শেষ সাক্ষীর সাক্ষ্য আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের চতুর্থ ও শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন আসামিপক্ষের তৃতীয় সাক্ষী আবদুস সালাম। আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
কার্যক্রমের শুরুতে আসামি-পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, তৃতীয় সাক্ষী আবদুস সালাম দ্বিতীয় সাক্ষী মো. শামসুল আলমের সাক্ষ্য টেন্ডার করতে চান। রাষ্ট্রপক্ষ চাইলে আবদুস সালামকে জেরা করতে পারে।
পূর্বের সাক্ষীর সাক্ষ্য সমর্থন করে যদি পরবর্তী সাক্ষী সাক্ষ্য দিতে চান, তবে তাঁকে আইনি ভাষায় এভিডেন্স বা সাক্ষ্য টেন্ডার করা বলে। সে ক্ষেত্রে পরবর্তী সাক্ষীকে নতুন করে সাক্ষ্য দিতে হয় না।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী তৃতীয় সাক্ষীকে জেরা করবেন না বলে জানান। পরে ট্রাইব্যুনাল চতুর্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। আসামিপক্ষ জানায়, নিজামীর ছেলে আইনজীবী নজিবুর রহমান চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন।
ইউসুফের জামিনের আবেদন খারিজ: বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফের জামিনের আবেদন খারিজ করেন। ২৮ অক্টোবর এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।