নিজামীর পক্ষে সাক্ষ্য গ্রহণ আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য আজ সোমবার দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল রোববার নিজামীর পক্ষে সাক্ষ্য গ্রহণ (সাফাই সাক্ষ্য) শুরুর দিন ধার্য ছিল। গতকাল সকালে এ মামলার কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম সাক্ষ্য গ্রহণ এক দিন মুলতবির আরজি জানান। ট্রাইব্যুনাল এ আবেদন মঞ্জুর করেন।
৭ অক্টোবর এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলার তদন্তকারী কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে ২৬ জন সাক্ষ্য দেন। আসামিপক্ষের সাক্ষীদের সংখ্যা চারজনে নির্দিষ্ট করে দিয়েছেন ট্রাইব্যুনাল।