
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তাঁর পক্ষে প্রথম সাক্ষী হিসেবে গতকাল সাক্ষ্য দিয়েছেন কে এম হামিদুর রহমান। তবে রাষ্ট্রপক্ষের দাবি, আসামিপক্ষ তালিকার বাইরে থেকে এই সাক্ষীকে হাজির করেছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুরুতে জবানবন্দি দেন কে এম হামিদুর রহমান (৬৬)। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি পাবনা শহরের দিলালপুরে। তিনি পাবনা জেলা জজ আদালতের আইনজীবী। একাত্তরের ২৬ মার্চ তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধকালে তাঁরা (মুক্তিযোদ্ধারা) পাবনার সুজানগর, সাঁথিয়া ও বেড়া থানা এলাকায় চলাফেরা করতেন এবং তথ্য সংগ্রহ করতেন। তাঁরা রাজাকারদের পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করার জন্য বলতেন, পরিবারের যেসব লোক রাজাকার বাহিনীতে গেছেন, তাঁরা যেন এলাকার ক্ষতি না করেন। মুক্তিযুদ্ধকালে মতিউর রহমান নিজামী সাঁথিয়া থানা এলাকায় মানবতাবিরোধী অপরাধ করেছেন বা তাতে সহযোগিতা করেছেন, এমন কোনো অভিযোগ কেউ কখনো তাঁকে করেননি। সূত্রের (সোর্স) মাধ্যমে ও ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে তিনি এসব জেনেছেন। মুক্তিযুদ্ধের সময় সাঁথিয়ায় নিজামীকে দেখেছেন, এমন কথাও কেউ বলেননি। স্বাধীনতার পরপরই তিনি নিজামীকে এলাকায় ও পাবনা শহরে ঘোরাফেরা করতে দেখেছেন।
জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় বসা নিজামীকে শনাক্ত করেন হামিদুর রহমান। পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী জেরার জন্য সময়ের আরজি জানিয়ে বলেন, তাঁরা আগে সাক্ষীর নাম পাননি। এ জন্য জেরায় প্রস্তুতির জন্য সময় লাগবে। এ সময় দেখা যায়, পাঁচজন সাক্ষীর নাম উল্লেখ করে দেওয়া আসামিপক্ষের সাক্ষীদের সর্বশেষ তালিকায় কে এম হামিদুর রহমানের নাম নেই, নাম আছে আবদুল হামিদের।
ট্রাইব্যুনাল এ সময় অসন্তোষ প্রকাশ করে বলেন, তালিকার বাইরে থেকে সাক্ষী হাজির করা ট্রাইব্যুনালের সঙ্গে প্রতারণার শামিল। ট্রাইব্যুনাল আসামিপক্ষের সাক্ষীকে কাঠগড়া থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন।
তবে আসামিপক্ষ দাবি করে, অভিযোগ গঠনের পর আসামিপক্ষের দেওয়া ১০ হাজার ১১১ জন সাক্ষীর তালিকায় এই সাক্ষীর নাম রয়েছে। ওই তালিকার ৭১৬৫ নম্বরে উল্লিখিত ‘আলহাজ মো. হামিদুর রহমান’ই আসামিপক্ষের প্রথম সাক্ষী কে এম হামিদুর রহমান। ভুলক্রমে এই সাক্ষীর নাম পাঁচজনের তালিকায় ‘আবদুল হামিদ’ লেখা হয়েছে।
রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে বলে, আসামিপক্ষের প্রথম সাক্ষী ও তালিকায় নাম লেখা ব্যক্তি এক নন। তাঁরা আসামিপক্ষের প্রথম সাক্ষীর জবানবন্দি বাতিলের আরজি জানান।
ট্রাইব্যুনাল পরে আসামিপক্ষকে তালিকায় সাক্ষীর নামের ভুল শুধরে দেওয়ার সুযোগ দেন। আসামিপক্ষের পরবর্তী সাক্ষীদের নাম-ঠিকানা সঠিকভাবে উল্লেখ করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
পরে হামিদুর রহমানকে জেরা করেন মোহাম্মদ আলী। জেরায় মোহাম্মদ আলী মত (সাজেশন) দেন, রাজাকারদের পরিবারের সদস্য ও রাজাকারদের সঙ্গে সাক্ষীর সুসম্পর্ক ছিল এবং এ জন্যই তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। সাক্ষী বলেন, এটা সত্য নয়। রাষ্ট্রপক্ষ আবার মত দেয়, মুক্তিযুদ্ধকালে নিজামীর নির্দেশে সাক্ষী রাজাকার ও আলবদরদের কর্মকাণ্ড দেখভাল করতেন। সাক্ষী আবারও বলেন, এটা সত্য নয়।
জেরার শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মত দেন, এই সাক্ষী পাবনা জেলা ইসলামী ছাত্রশিবির ও জামায়াতের স্থানীয় নেতাদের আর্থিক সাহায্য করেন, নিজামীর পক্ষে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। এসব মতও অস্বীকার করেন সাক্ষী।
জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।