নিজামীর পক্ষে সাক্ষ্য গ্রহণ ২০ অক্টোবর
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত আদেশ দেন। আদেশে ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষকে একনাগাড়ে সাক্ষী হাজির করতে হবে।
গত বৃহস্পতিবার আসামিপক্ষ এ মামলায় সাফাই সাক্ষীর সংখ্যা ১০ হাজার ১১১ জন থেকে ২৫ জনে নামিয়ে এনে ট্রাইব্যুনালে তাঁদের সাক্ষ্য দেওয়ার অনুমতি চান। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পরে ট্রাইব্যুনাল রোববার আসামিপক্ষের সাক্ষীসংখ্যা চারজনে নির্দিষ্ট করে আদেশ দেন।
মোবারকের বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু: একই ট্রাইব্যুনালে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া শুরু করেছেন রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী তদন্তকারী কর্মকর্তা শ্যামল চৌধুরী। তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। আসামির কাঠগড়ায় মোবারক হাজির ছিলেন। জবানবন্দি শেষে তাঁকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ২২ অক্টোবর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।