নিজামীর পক্ষে সাক্ষ্য দেবেন চারজন
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাফাই সাক্ষীর সংখ্যা চারজনে নির্দিষ্ট করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ-সংক্রান্ত আদেশ দেন। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
আসামিপক্ষ গত বৃহস্পতিবার নিজামীর পক্ষের সাক্ষীর সংখ্যা ১০ হাজার ১১১ জন থেকে ২৫ জনে নামিয়ে এনে নতুন তালিকা দাখিল করেছিল। শুনানিতে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।
তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে: এ মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী আবদুর রাজ্জাক খানকে গতকাল পঞ্চম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আবদুর রাজ্জাক খান রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী। ট্রাইব্যুনাল আজ সোমবার প্রথমার্ধের মধ্যেই তাঁকে জেরা শেষ করার জন্য আসামিপক্ষকে নির্দেশ দেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হলে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হবে।