নিজামীর পক্ষে সাক্ষ্য দেবেন ৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিউর রহমান নিজামী
মতিউর রহমান নিজামী

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাফাই সাক্ষীর সংখ্যা চারজন নির্দিষ্ট করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এ-সংক্রান্ত আদেশ দেন। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।

এর আগে আসামিপক্ষ সাফাই সাক্ষীর সংখ্যা ১০ হাজার ১১১ থেকে ২৫ জনে নামিয়ে এনেছিলেন। পরে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন।

ইউসুফের বিরুদ্ধে মামলায় লিয়াকত আলীকে জেরা শেষ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। লিয়াকত আলী খান গত ৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ লিয়াকত আলী খানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

রাষ্ট্রপক্ষের সাক্ষীকে আইনজীবী প্রশ্ন করেন, আপনি ‘মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর’ নামের কোনো বই লিখেছেন? জবাবে সাক্ষী বলেন, তিনি এই বইয়ের পাণ্ডুলিপি লিখেছেন। কিন্তু সিডরের সময় তা হারিয়ে গেছে। এ সময় আইনজীবী তাঁকে একটি বই দেখিয়ে বলেন, এটি সেই বই। এটি আপনি প্রকাশ করেছেন, অন্যদের পড়তে দিয়েছিলেন এবং বাজারে বিক্রিও করেছেন। সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’

আইনজীবী প্রশ্ন করেন, আপনি ২০০৯ সালে বাগেরহাটে মুক্তিযুদ্ধবিরোধী কাজে জড়িত থাকার জন্য ইউসুফসহ ১৮ জনকে আসামি করে একটি মামলা করেছিলেন? জবাবে সাক্ষী বলেন, ‘হ্যাঁ’। আইনজীবী মত (সাজেশন) দেন, আপনি ইউসুফের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’

লিয়াকত আলী খানকে জেরা শেষে এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৮ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।