জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাফাই সাক্ষীর সংখ্যা ১০ হাজার ১১১ থেকে ২৫ জনে নামিয়ে এনেছে আসামিপক্ষ। নিজামীর পক্ষে কতজন সাক্ষী সাক্ষ্য দিতে পারবেন, এ বিষয়ে আদেশের জন্য ৬ অক্টোবর (রোববার) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল বৃহস্পতিবার সাফাই সাক্ষীর সংখ্যাসংক্রান্ত আসামিপক্ষের আবেদনের শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী বলেন, এই মামলার বিচারের শুরুতে আসামিপক্ষ যে সাক্ষীদের তালিকা দিয়েছিল, তাতে ১০ হাজার ১১১ জনের নাম ছিল। এখন তারা ২৫ জনের নতুন সাফাই সাক্ষীর তালিকা দিয়েছে। এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরার ধরন দেখে আসামির সুনির্দিষ্ট অ্যালিবাই (অপরাধ সংঘটনস্থলে আসামির না থাকার দাবি) পাওয়া যায় না। এ ছাড়া আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণের দায়িত্ব একান্তই রাষ্ট্রপক্ষের। সুনির্দিষ্ট অ্যালিবাই না থাকায় আসামিপক্ষের কোনো সাক্ষীরই প্রয়োজন নেই। অন্যান্য মামলায় সাফাই সাক্ষীদের সংখ্যার সঙ্গে মিল রেখে এই মামলায়ও সাক্ষী নির্ধারণ করে দেওয়া হোক।
এর বিরোধিতা করে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, ‘এই মামলায় যেহেতু রাষ্ট্রপক্ষ ২৫ জন সাক্ষীকে পরীক্ষা করেছে, এ জন্য আসামিপক্ষও ২৫ জন সাক্ষীর নতুন তালিকা দিয়েছে। আমরা চাই সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে দুই পক্ষকেই সমান সুযোগ (ইকুয়ালিটি অব আর্মস) দেওয়া হোক। আসামির বিরুদ্ধে ১৬টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে যেসব অভিযোগে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করেনি, আসামিপক্ষও সেসব অভিযোগে কোনো সাক্ষী দেবে না।’
নিজামীর পক্ষে কোন অভিযোগের বিষয়ে কতজন সাক্ষ্য দেবেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে আবদুর রাজ্জাক বলেন, ঊর্ধ্বতন কর্তৃত্বের দায় (সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি) নিয়ে দুজন সাক্ষ্য দেবেন।
তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে: এই মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী আবদুর রাজ্জাক খানকে গতকাল চতুর্থ দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরার সময় নিজামী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। রোববার জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।