নিজামীর বিরুদ্ধে অভিযোগ বিষয়ে শুনানি মুলতবির আবেদন, আজ আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানি মুলতবির আবেদন করেছে আসামিপক্ষ। আজ সোমবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল এই দিন ধার্য করেন। গতকাল আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালকে বলেন, অভিযোগের বিষয়ে শুনানির জন্য আসামিপক্ষের প্রস্তুতি সম্পন্ন হয়নি। রাষ্ট্রপক্ষের সরবরাহ করা নথিপত্রের ৪১৬টি পৃষ্ঠা পাঠযোগ্য নয়। কিছুদিন আগে চোখের ছানি অস্ত্রোপচার হওয়ায় নিজামী অনেক নথিপত্র পড়তে না পারায় আইনজীবীর সঙ্গে আলোচনা করতে পারেননি। পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য চার সপ্তাহ প্রয়োজন।পরে ট্রাইব্যুনাল আদেশের জন্য দিন ধার্য করেন। ট্রাইব্যুনাল পাঠযোগ্য নয় এমন পৃষ্ঠাগুলোর নম্বর উল্লেখ করে আসামিপক্ষকে আবেদন করতে বলেন। গত ৯ জানুয়ারি ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেন।