নিজামীর বিরুদ্ধে আরও ১১ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, দুর্নীতি, হত্যা ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে আরও ১১টি মামলা রয়েছে।
এগুলোর মধ্যে দুর্নীতি প্রতিরোধ আইনে করা দুটি মামলার কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে। বাকি মামলাগুলোর মধ্যে রাজধানীর বিভিন্ন থানায় সাতটি এবং রাজশাহীর মতিহার থানায় একটি মামলা এবং ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি নালিশি মামলা রয়েছে। এসব মামলার বেশির ভাগই এখনো তদন্তাধীন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে করা নালিশি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় মুক্তিযুদ্ধকালে দুই মুক্তিযোদ্ধাকে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে এবং পল্লবী থানা এলাকায় গণহত্যার অভিযোগে ঢাকার আদালতে পৃথক দুটি মামলা হয়। একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার পর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কেরানীগঞ্জ থানা এলাকায় দুই মুক্তিযোদ্ধা হত্যা এবং পল্লবীর গণহত্যার অভিযোগে করা মামলা দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশনের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, নিজামীসহ জামায়াতের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে ২০১০ সালে হত্যা, ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে বিভিন্ন থানায় করা সাতটি মামলার বেশির ভাগ বর্তমানে তদন্তাধীন এবং উচ্চ আদালতের আদেশে কার্যক্রম স্থগিত আছে। এসব মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামারুজ্জামানও আসামি। মানবতাবিরোধী অপরাধের মামলা ও চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় নিজামীর বিচার চলাকালীন নিম্ন আদালতের মামলাগুলোতে তাঁকে হাজির করা সম্ভব হয়নি। এ কারণে অধিকাংশ মামলার বিচারকার্যক্রম থেমে আছে।
আদালত সূত্রে জানা গেছে, জামায়াতের আমির নিজামীর বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে রাজধানীর পল্টন মডেল থানায় তিনটি, রমনা, পল্লবী ও উত্তরায় একটি করে এবং রাজশাহীর মতিহার থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি নালিশি মামলা রয়েছে। ২০১০ সালে এই মামলাগুলো করা হয়।
চারদলীয় জোট সরকারের সময় শিল্পমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে নিজামীর বিরুদ্ধে ২০০৭ সালে গ্যাটকো ও নাইকো দুর্নীতির মামলা হয়। ওই মামলায় চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও এ দুই মামলায় আসামি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুই মামলায় তাঁদেরসহ অন্য আসামিদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে। তবে হাইকোর্টের নির্দেশে এ দুই মামলার কার্যক্রম স্থগিত আছে।