নিজামীর বিরুদ্ধে চতুর্থ সাক্ষীকে জেরা শেষ করেছে আসামিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে গতকাল বৃহস্পতিবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। ২৫ এপ্রিল এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল হাবিবুর রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আসামির কাঠগড়ায় এ সময় নিজামী হাজির ছিলেন।হাবিবুর রহমান ১৬ এপ্রিল জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেছেন, তাঁর বাবা কোবাদ আলীকে একাত্তরের ১৪ অক্টোবর এবং বন্ধু শিবলীর বাবা মাওলানা কছিমুদ্দীনকে ১০ জুন হত্যা করা হয়। একাত্তরের ১৯ ডিসেম্বর আজিজুল নামে আলবদরের এক সদস্যকে জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পারেন, নিজামীর নির্দেশে তাঁর বাবাকে হত্যা করা হয়।ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন মামলাগুলোর মধ্যে এই মামলা সবচেয়ে পিছিয়ে আছে। গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর ২৬ আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলায় ইতিমধ্যে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালাল ও মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের নিরাপত্তারক্ষী মো. রুস্তম আলী মোল্লা। নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ আনা হয়েছে।সাকা চৌধুরীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ রোববার: একই ট্রাইব্যুনাল গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২১ এপ্রিল (রোববার) দিন পুনর্নির্ধারণ করেন। গতকাল এ মামলায় রাষ্ট্রপক্ষের ২৭তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। দুপুরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, সাক্ষী হাজির কি না? রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনাকারী কৌঁসুলি সুলতান মাহ্মুদ তখন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। ট্রাইব্যুনালে থাকা রাষ্ট্রপক্ষের অন্য কৌঁসুলিরাও সাক্ষী হাজির আছেন কি না, তা জানাতে পারেননি। এ পর্যায়ে আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক কার্যক্রম মুলতবির আরজি জানান। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের দিন পুনর্নির্ধারণ করেন এবং রাষ্ট্রপক্ষের উদ্দেশে বলেন, সাক্ষী হাজির করতে না পারলে সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।এই মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত বছরের ৪ এপ্রিল এই ট্রাইব্যুনাল সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তাঁর বিরুদ্ধে গণহত্যা ও হত্যা, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ আনা হয়েছে।