নিজামীর বিরুদ্ধে জবানবন্দি শ্যামলী নাসরিন চৌধুরীর
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শ্যামলী নাসরিন চৌধুরী।
জবানবন্দিতে শ্যামলী নাসরিন চৌধুরী একাত্তরে তাঁর স্বামী ডা. আবদুল আলীম চৌধুরীকে ধরে নিয়ে হত্যার বিষয়ে সাক্ষ্য দেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ শ্যামলী নাসরিন চৌধুরীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজ।এ সময় আসামির কাঠগড়ায় মতিউর রহমান নিজামী উপস্থিত ছিলেন।
জবানবন্দিতে শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে আলবদর বাহিনীর তিনজন সদস্য তাঁদের পুরানা পল্টনের ভাড়া বাসায় যায়।আলবদর বাহিনীর সদস্যরা তাঁর স্বামী আলীম চৌধুরীর চোখ বেঁধে তাঁকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।
এ সময় আলীম চৌধুরীর এক প্রশ্নের জবাবে একজন আলবদর সদস্য জানায়, আলবদরের হাইকমান্ড মতিউর রহমান নিজামীর নির্দেশে তাঁকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।পরে ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমিতে অনেক বুদ্ধিজীবীর লাশের সঙ্গে আলীম চৌধুরীর লাশ পাওয়া যায়।তাঁর হাত পেছনে বাঁধা ছিল।এ ছাড়া গামছা দিয়ে তাঁর চোখ বাঁধা ছিল এবং সারা শরীরে বেয়নেটের অনেক আঘাত ও বুকে অনেক গুলির চিহ্ন ছিল।
জবানবন্দি দেওয়ার সময় কয়েকবার কান্নায় ভেঙে পড়েন শ্যামলী নাসরিন চৌধুরী।জবানবন্দি শেষে তিনি বলেন, ‘আমি ৪২ বছর ধরে এই বিচারের অপেক্ষা করে আছি।আমি মারা যাওয়ার আগে আমার স্বামীসহ অন্য বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের জন্য দায়ী আলবদর বাহিনী ও এর হাইকমান্ডসহ সব সদস্যের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে যেতে চাই।’
জবানবন্দি শেষে তাঁকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। বিকেলে আবারও তাঁকে জেরা করা হবে।