জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা শেষ পর্যায়ে পৌঁছেছে। ৩ নভেম্বর (রোববার) থেকে এই মামলায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষের চতুর্থ ও শেষ সাক্ষী নিজামীর ছেলে মো. নাজিবুর রহমানকে জেরা শেষ করে রাষ্ট্রপক্ষ। পরে ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন। ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপক্ষকে তিন কার্যদিবসে যুক্তি উপস্থাপন শেষ করতে হবে। আসামিপক্ষ যুক্তি উপস্থাপনের জন্য চার দিন পাবে।
দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল মামলার রায়ের দিন ধার্য করবেন। ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন মামলাগুলোর মধ্যে নিজামীর বিরুদ্ধে মামলার বিচারকাজ চলছে সবচেয়ে লম্বা সময় ধরে। গত বছরের ২৮ মে এই ট্রাইব্যুনাল নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। একই দিনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল। পরে কাদের মোল্লার বিরুদ্ধে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনাল-২-এর রায়ের পর কাদের মোল্লার মামলাটির আপিল নিষ্পত্তিও হয়ে গেছে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ বাকি আছে।
অভিযোগ গঠনের তিন মাস পর ২৬ আগস্ট নিজামীর বিরুদ্ধে মামলায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর জবানবন্দির মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন মুক্তিযোদ্ধা জহিরউদ্দিন জালাল, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী ডা. আজহারুল হকের স্ত্রী সৈয়দা সালমা হক, মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানসহ আরও ২৫ জন।
আসামিপক্ষের সাক্ষী (সাফাই সাক্ষী) হিসেবে প্রথমে ১০ হাজার ১১১ জন সাক্ষীর তালিকা দিয়েছিল আসামিপক্ষ। পরে তাঁরা ২৩ জন সাক্ষীর একটি সংশোধিত তালিকা জমা দেন। এর মধ্যে চারজনকে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য নির্দিষ্ট করে দেন ট্রাইব্যুনাল। সাফাই সাক্ষীদের মধ্যে ছিলেন নিজামীর ছেলে মো. নাজিবুর রহমান।
ট্রাইব্যুনাল-১-এর আগে জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার রায় দিয়েছেন। তিনটি মামলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন।
ইউসুফের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৬ নভেম্বর: বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী নাসির উদ্দিন আহমেদ মল্লিককে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। ইউসুফ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।