নিজামীর বিরুদ্ধে মামলায় যুক্তি উপস্থাপন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের চতুর্থ ও শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ বুধবার দুপুরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। দুপুরের পর যুক্তি উপস্থাপনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আগের দুই দিনের মতো গতকালও আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবীদের কেউ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। আসামিপক্ষের সহযোগী আইনজীবী আসাদউদ্দীন সাক্ষ্য গ্রহণ মুলতবির আরজি জানান। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী মুলতবির বিরোধিতা করেন। পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, ন্যায়বিচারের স্বার্থে আসামিপক্ষকে বুধবার (আজ) সকালে সাক্ষী হাজির করার সুযোগ দেওয়া হলো। তবে মধ্যাহ্ন বিরতির আগেই সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। বিরতির পর থেকে রাষ্ট্রপক্ষ এই মামলায় যুক্তি উপস্থাপন করবে।
এই মামলায় আসামিপক্ষের শেষ সাক্ষী নিজামীর ছেলে মো. নাজিবুর রহমানের জবানবন্দি অসমাপ্ত রয়েছে। বৃহস্পতিবার তিনি ট্রাইব্যুনালে জবানবন্দি শুরু করেন। রোববার থেকে গতকাল পর্যন্ত ১৮-দলীয় জোটের হরতাল ছিল। আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবীরা এ তিন দিন ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন।