জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন করে যুক্তি উপস্থাপনের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ১০ মার্চ যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
গত বছরের ১৩ নভেম্বর নিজামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল। কিন্তু রায় ঘোষণার আগেই চাকরির বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় ৩১ ডিসেম্বর অবসরে যান ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর। এর পর থেকে এই ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ শূন্য ছিল। গত রোববার চেয়ারম্যান পদে বিচারপতি ইনায়েতুর রহিমকে নিয়োগ দেওয়া হয়। টানা ৫৬ দিন বন্ধ থাকার পর বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে পুনর্গঠিত ট্রাইব্যুনাল-১ গতকাল প্রথমবারের মতো বিচারিক কার্যক্রম শুরু করে নিজামীর বিরুদ্ধে মামলায় নতুন করে যুক্তি উপস্থাপনের আদেশ দেন।
এর আগে এই ট্রাইব্যুনালেই জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই দফায় যুক্তি উপস্থাপন হয়েছিল। ২০১২ সালের ৬ ডিসেম্বর সাঈদীর বিরুদ্ধে মামলার রায় অপেক্ষমাণ রেখেছিলেন ট্রাইব্যুনাল-১। কথিত স্কাইপ কথোপকথন ফাঁস হওয়ার পর ওই বছরের ১১ ডিসেম্বর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন। তখন বিচারপতি ফজলে কবীরকে চেয়ারম্যান করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ওই ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে মামলায় দ্বিতীয় দফায় যুক্তি উপস্থাপনের নির্দেশ দিয়েছিলেন।