নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ২২ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী  অ প রা ধে র  বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘটনার বিষয়ে আর কোনো সাক্ষী হাজির করবে না রাষ্ট্রপক্ষ। জব্দ তালিকার দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর তদন্ত কর্মকর্তাকে সাক্ষী হিসেবে হাজির করা হবে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী এসব কথা বলেন। নিজামীকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও এজলাসে আনা হয়নি।
গতকাল এ মামলায় রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী শহীদ চিকিৎসক আজহারুল হকের স্ত্রী সৈয়দা সালমা হককে আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, অসুস্থতার কারণে সাক্ষীকে হাজির করা যায়নি। তিনি দুই দিনের জন্য মামলার কার্যক্রম মুলতবির আরজি জানিয়ে বলেন, ১৬ সেপ্টেম্বর জবানবন্দি দেওয়া সালমা হক ছিলেন ঘটনার বিষয়ে শেষ সাক্ষী। এরপর জব্দ তালিকার দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তদন্ত কর্মকর্তাকে হাজির করা হবে। পরে ট্রাইব্যুনাল ২২ সেপ্টেম্বর (রোববার) পর্যন্ত এ মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি করেন।
দুই ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর মধ্যে নিজামীর বিরুদ্ধে মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে সবচেয়ে দীর্ঘ সময় ধরে। গত বছরের ২৬ আগস্ট বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর জবানবন্দির মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রায় এক বছরে রাষ্ট্রপক্ষের ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
গত বছরের একই দিনে (২৮ মে) নিজামী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়। ওই দিন ট্রাইব্যুনাল-১ নিজামীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ গঠন করেন। অন্যদিকে ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ গঠন করেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ রায়ে কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দেন, যা বাড়িয়ে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁকে মৃত্যুদণ্ড দেন। এদিকে নিজামীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণই এখনো শেষ হয়নি।