
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী শাহজাহান আলীকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শাহজাহান আলীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আসামির কাঠগড়ায় এ সময় নিজামী উপস্থিত ছিলেন।
এই মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গতকাল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদসহ কয়েকজন কৌঁসুলি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন।
তদন্ত সংস্থা সুবহানের বিরুদ্ধে তদন্ত শেষে গত শনিবার তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে জমা দেয়।