
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলার রায় অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যেকোনো দিন এ রায় ঘোষণা করা হবে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার মামলার কার্যক্রম শেষ ঘোষণা করে রায় অপেক্ষাধীন (সিএভি—কেস অ্যাওয়েটিং ভারডিক্ট) রাখেন। নিজামী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের চতুর্থ দিন গতকালও আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীদের কেউ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। তবে সহযোগী আইনজীবী আসাদ উদ্দিন গতকাল টানা চতুর্থ দিনের মতো মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন করেন।
আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল আদেশে বলেন, এ মামলায় যুক্তি উপস্থাপনের জন্য আসামিপক্ষকে চার দিন (৬, ৭, ১০ ও ১১ নভেম্বর) সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ৬ নভেম্বর আসামির মামলা পরিচালনাকারী আইনজীবী মিজানুল ইসলাম ট্রাইব্যুনালে উপস্থিত হননি। ৭ নভেম্বর তিনি আংশিক যুক্তি উপস্থাপন করেন। গত তিন দিন (১০, ১১ ও ১২ নভেম্বর) তিনি অনুপস্থিত ছিলেন। বুধবার তাঁকে উপস্থিত হওয়ার শেষ সুযোগ দেওয়া হলেও তিনি আসেননি। এ অবস্থায় মামলার কার্যক্রম শেষ করে রায় অপেক্ষমাণ (সিএভি) রাখা হলো। তবে আসামিপক্ষ যদি লিখিতভাবে যুক্তি উপস্থাপন করতে চায়, তবে পাঁচ দিনের মধ্যে তা ট্রাইব্যুনালে জমা দিতে হবে।
জামায়াতে ইসলামী ১৮-দলীয় জোটের অন্যতম শরিক। ১৮ দল হরতাল ডাকলে দুই ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াত নেতাদের মামলা পরিচালনাকারী জ্যেষ্ঠ আইনজীবীদের কেউ ট্রাইব্যুনালে যান না। ৪ থেকে ৬ নভেম্বর ১৮ দলের ডাকা টানা তিন দিনের হরতালেও আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীদের কেউ উপস্থিত ছিলেন না। ওই তিন দিন রাষ্ট্রপক্ষ নিজামীর বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে।
জানতে চাইলে ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক গতকাল প্রথম আলোকে বলেন, ‘উচ্চ ও নিম্ন আদালতের প্রতিষ্ঠিত নীতি হলো যেকোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হলে দুই পক্ষকে যুক্তি উপস্থাপনের সুযোগ দিতে হবে। আমাদের সে সুযোগ না দিয়ে মামলার কার্যক্রম সমাপ্ত করায় আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। উভয় আদালতেই হরতালের দিন কোনো পক্ষ অনুপস্থিত থাকলে তাকে পরে সুযোগ দেওয়া হয়।’ তিনি বলেন, ‘আমরা লিখিতভাবে যুক্তি উপস্থাপন করব কি না, এটা পরের বিষয়, তবে ট্রাইব্যুনালের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করব।’
তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, যুক্তি দিতে ট্রাইব্যুনাল আসামিপক্ষকে পাঁচ দিন সময় দিয়েছিলেন। কিন্তু তারা নিজেরাই হরতাল ডেকে সেই হরতালের অজুহাতে ট্রাইব্যুনালে যায়নি। এ জন্য ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম সমাপ্ত করে রায় অপেক্ষমাণ রেখেছেন। তার পরও ট্রাইব্যুনাল তাদের আবার সুযোগ দিয়ে বলেছেন, আসামিপক্ষ চাইলে আগামী পাঁচ দিনের মধ্যে লিখিতভাবে যুক্তি উপস্থাপন করতে পারে। আমি মনে করি, এই পাঁচ দিনের মধ্যে রায় হবে না।
দুই ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর মধ্যে নিজামীর বিরুদ্ধে মামলার বিচার চলেছে সবচেয়ে দীর্ঘ সময় ধরে। গত বছরের ২৮ মে ট্রাইব্যুনাল-১ নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। ১৭ মাস ধরে এই মামলায় ৩০ জনের সাক্ষ্য নেওয়া হয়।
একই দিনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল। পরে কাদের মোল্লার মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনাল-২-এর রায়ের পর কাদের মোল্লার মামলাটির আপিল নিষ্পত্তিও হয়ে গেছে, এখন শুধু পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়া বাকি।
গত বছরের ২৬ আগস্ট থেকে নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ওই দিন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর জবানবন্দির মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন গেরিলা মুক্তিযোদ্ধা জহিরউদ্দিন জালাল, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী ডা. আজহারুল হকের স্ত্রী সৈয়দা সালমা হক, মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুর রাজ্জাক খানসহ আরও ২৫ জন।
আসামিপক্ষের সাক্ষী (সাফাই সাক্ষী) হিসেবে প্রথমে ১০ হাজার ১১১ জন সাক্ষীর একটি দীর্ঘ তালিকা দিয়েছিল আসামিপক্ষ। পরে তারা ২৩ জন সাক্ষীর একটি সংশোধিত সাফাই সাক্ষীর তালিকা জমা দেয়। এর মধ্যে থেকে চারজনকে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য নির্দিষ্ট করে দেন ট্রাইব্যুনাল। সাফাই সাক্ষীদের মধ্যে ছিলেন নিজামীর ছেলে মো. নাজিবুর রহমান।
এই ট্রাইব্যুনাল এর আগে আরও তিনটি মামলার রায় দিয়েছেন। জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও দলটির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল-১। তিনটি মামলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন।
১৬ অভিযোগ: নিজামীর বিরুদ্ধে একাত্তরে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, নির্যাতন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ রয়েছে। একাত্তরের ১০ মে পাবনার সাঁথিয়া উপজেলার বাউশগাড়িসহ দুটি গ্রামের প্রায় সাড়ে ৪০০ মানুষকে পাকিস্তানি সেনারা হত্যা করে ও ৩০-৪০ জন নারীকে রাজাকাররা ধর্ষণ করে। ওই ঘটনায় নিজামীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে, একাত্তরের মে মাসের শুরু থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী বাহিনী রাজাকার-আলবদরের ক্যাম্প ছিল। নিজামী ওই ক্যাম্পে নিয়মিত যাতায়াত করতেন ও মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র করতেন।
একাত্তরের ৩০ আগস্ট নাখালপাড়ায় পুরোনো এমপি হোস্টেলে আটক মুক্তিযোদ্ধা রুমী, বদি, জালাল, আলতাফ মাহমুদ প্রমুখকে হত্যার জন্য পাকিস্তানি সেনাদের প্ররোচনার অভিযোগ রয়েছে নিজামীর বিরুদ্ধে। এই অভিযোগে ইতিমধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ দোষী সাব্যস্ত হয়েছেন এবং শাস্তি পেয়েছেন।
অভিযোগ রয়েছে, একাত্তরের ১৬ এপ্রিল নিজামীর সহযোগিতায় পাকিস্তানি সেনারা ঈশ্বরদী উপজেলার দুটি গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে। এ সময় ২১ জন নিরস্ত্র মানুষ মারা যান। এ ছাড়া পাবনা জেলা স্কুলের হেড মাওলানা কছিমুদ্দিনকে অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে নিজামীর জড়িত থাকার অভিযোগ রয়েছে।
নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। একাত্তরে দেওয়া নিজামীর বিভিন্ন বক্তৃতা উদ্ধৃত করে অভিযোগে বলা হয়েছে, এসব বক্তৃতার মাধ্যমে নিজামী অধীন রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যদের অপরাধ করতে উৎসাহ জুগিয়েছেন।
১৯৪৩ সালে পাবনার সাঁথিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণকারী নিজামী একাত্তরে নিখিল পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন, যার নাম বর্তমানে ছাত্রশিবির) সভাপতি ছিলেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, তিনি একাত্তরের কুখ্যাত ঘাতক বাহিনী আলবদরের প্রধান ছিলেন। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় নিজামীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।