
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় প্রায় আট মাস ধরে ঝুলছে। গত বছরের ১৩ নভেম্বর মামলার কার্যক্রম প্রথম দফায় শেষ হওয়ার পর এ পর্যন্ত তিনবার রায় অপেক্ষমাণ রাখা হয়েছে। সর্বশেষ গত ২৪ জুন রায় ঘোষণা আবার পিছিয়ে যায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নিজামীর বিরুদ্ধে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। এ ছাড়া দুটি ট্রাইব্যুনালে আরও তিনটি মামলার রায় অপেক্ষমাণ। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার চূড়ান্ত রায় প্রায় তিন মাস ধরে অপেক্ষায় রয়েছে।
নিজামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম দ্বিতীয় দফায় শেষ হওয়ার তিন মাস পর ২৪ জুন রায়ের দিন ধার্য করা হয়েছিল। পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফরে আসার কথা ছিল। জামায়াত অন্য নেতাদের বিরুদ্ধে রায় ঘোষণার দিনে হরতাল ডাকলেও সেদিন ডাকেনি। ২৩ জুন রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা যুক্তিসংগত মনে না করায় ট্রাইব্যুনাল-১ রায় আবার অপেক্ষমাণ রাখেন। কারা কর্তৃপক্ষ ৩ জুলাই ট্রাইব্যুনালকে জানিয়েছে, ‘অস্বাভাবিক উচ্চ রক্তচাপে’ আক্রান্ত নিজামী সুস্থ হয়ে উঠেছেন। এরপর এক সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন করে রায় ঘোষণার দিন ধার্য হয়নি।
এ বিষয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির গত সোমবার প্রথম আলোকে বলেন, প্রায় আট মাস নিজামীর রায় ঝুলে থাকার পেছনে যদি ‘রাজনৈতিক কারণ’ থেকে থাকে, তবে তা ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য আত্মঘাতী হবে। অন্য যেকোনো বিষয়ে আওয়ামী লীগ রাজনৈতিক কৌশলের আশ্রয় নিতে পারে, কিন্তু মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে সেটা করলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
গত প্রায় আট মাসে এ রায় তিনবার অপেক্ষমাণ (সিএভি-কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখা হয়েছে। গত ১৩ নভেম্বর প্রথম দফায় এ মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ রাখা হয়৷ কিন্তু রায় ঘোষণার আগেই ৩১ ডিসেম্বর অবসরে যান ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর৷ এরপর ৫৩ দিন ট্রাইব্যুনাল-১ ছিল চেয়ারম্যানবিহীন। গত ২৩ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর এ মামলায় দুই পক্ষ আবার যুক্তি উপস্থাপন করে৷ ২৪ মার্চ দ্বিতীয় দফায় রায় অপেক্ষমাণ রাখা হয়৷ এর তিন মাস পর ২৪ জুন শেষ মুহূর্তে রায় ঘোষণা করা হয়নি।
মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে চলেছে নিজামীর বিরুদ্ধে মামলাটি। ২০১২ সালের ২৮ মে ট্রাইব্যুনাল-১-এ এ মামলার বিচার শুরু হয়, একই দিনে ট্রাইব্যুনাল-২-এ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছিল৷ কাদের মোল্লার বিরুদ্ধে মামলাটি ট্রাইব্যুনালের রায়ের পর আপিল নিষ্পত্তি শেষে মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয়েছে গত ১২ ডিসেম্বর।
ট্রাইব্যুনাল-১ এ পর্যন্ত তিনটি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে সর্বোচ্চ দুই মাস সময় লেগেছে।
নিজামীর সুস্থতার প্রতিবেদন ট্রাইব্যুনালে যাওয়ার পরও রায় ঘোষণার দিন ধার্য না হওয়ার জন্য রাষ্ট্রপক্ষকে দায়ী করেছেন শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণভাবে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) দায়িত্ব। যেহেতু আসামি সুস্থ হয়েছেন বলে কারা কর্তৃপক্ষ প্রতিবেদন দিয়েছে, রাষ্ট্রপক্ষের উচিত রায়ের দিন ধার্য করার আরজি জানানো। তাঁরা (রাষ্ট্রপক্ষ) কেন এ বিষয়টি ট্রাইব্যুনালে উপস্থাপন করছেন না?’
অবশ্য রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলি সৈয়দ হায়দার আলী প্রথম আলোকে বলেন, ‘আসামি সুস্থ হওয়ায় রায়ের দিন ধার্য করতে এখন আর কোনো বাধা নেই। কিন্তু এটা ট্রাইব্যুনালের এখতিয়ার। রাষ্ট্রপক্ষ এখানে কিছু করতে পারে না। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে এ ধরনের কোনো বিধান নেই।’
ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষায় আরও তিন মামলা: দুটি ট্রাইব্যুনালে আরও তিনটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল-১-এ ফরিদপুরের বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা আড়াই মাস এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা এক মাস ধরে রায়ের অপেক্ষায় আছে। ট্রাইব্যুনাল-২-এ দুই মাস ধরে অপেক্ষমাণ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলার রায়৷
সাঈদীর রায়ও অপেক্ষমাণ: সাঈদীর বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের করা আপিলের শুনানি গত ১৬ এপ্রিল আপিল বিভাগে শেষ হয়েছে। সেদিন আপিল বিভাগ রায় অপেক্ষমাণ রাখেন। বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ২৪ জুলাইয়ের মধ্যে এ রায় না হলে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। কারণ, আগস্ট মাসে আদালত অবকাশকালীন বন্ধ থাকবে। ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন।