নিজামীর মামলার সাক্ষীর নামে ভিন্ন ব্যক্তির ভিডিওচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষীর নাম ব্যবহার করে অনলাইনে ভিন্ন ব্যক্তির সাক্ষাৎকারসহ ভিডিওচিত্র প্রচার করা হচ্ছে। জামায়াতের আন্তর্জাতিক লবিস্ট টবি ক্যাডম্যান সেই ভিডিওকে সত্য দাবি করে কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গতকাল শনিবার রাতে এ দাবি করেছেন নিজামীর বিরুদ্ধে চলমান মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী শামসুল হক নান্নু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

শামসুল হক বলেন, ‘২০ সেপ্টেম্বর লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত আবদুল কাদের মোল্লাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে আসামিপক্ষের আন্তর্জাতিক লবিস্ট টবি ক্যাডম্যানের বরাত দিয়ে আমার সম্পর্কে কিছু বক্তব্য উল্লেখ করা হয়েছে। তিনি টেলিগ্রাফকে সাক্ষাৎকারে বলেছেন, ‘মতিউর রহমান নিজামীর মামলায় আমার কাছ থেকে নাকি বল প্রয়োগ করে সাক্ষ্য আদায় করা হয়েছে।’

শামসুল হক বলেন, ‘এটি জানার পর আমি আগ্রহ নিয়ে টেলিগ্রাফ-এর অনলাইন সংস্করণ থেকে প্রতিবেদনটি সংগ্রহ করে দেখতে পাই, আমার একটি সাক্ষাৎকার-সংবলিত ভিডিও তাদের কাছে আছে। পরে জানতে পারি, ভিডিওটি ইউটিউবেও পাওয়া যাচ্ছে। এরপর ইউটিউবে ভিডিওচিত্রটি দেখে অবাক হই। কারণ, নান্নু নামের যে ব্যক্তিটি সাক্ষাৎকার দিয়েছেন, সেই ব্যক্তি আমি নই। সেখানে তিনি বলছেন, তাঁর কাছ থেকে নিজামীর বিরুদ্ধে জোর করে সাক্ষ্য আদায় করা হয়েছে। তিনি বাংলায় কথা বলেছেন। নিচে ইংরেজিতে সাবটাইটেল দেওয়া ছিল। অথচ আমি টেলিগ্রাফকে কোনো ধরনের সাক্ষাৎকার দিইনি। আসামিপক্ষ ভুয়া ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে তা আমার নামে প্রচার করছে।’

শামসুল হক আরও বলেন, ‘সাক্ষী হিসেবে আমি সরকারের কাছে আমার নিরাপত্তার আবেদন জানাচ্ছি। নিরাপত্তাহীনতায় ভুগছি বলেই আমি সন্ধ্যার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কার্যালয়ে আসি এবং বিষয়টি জানাই।’

শামসুল হক জানান, তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তাঁর জন্ম ১৯৫৩ সালে। বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ছোট পাথাইল গ্রামে। তিনি নিজামীর মামলার ১১ নম্বর সাক্ষী। তিনি পড়াশোনা করেছেন সাঁথিয়া হাইস্কুল, রাজশাহীর এডওয়ার্ড কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

শামসুল হক আরও বলেন, ‘পাবনায় জামায়াত-শিবিরের ক্যাডাররা আমার আত্মীয়স্বজনের কাছে হুমকি দিয়ে বলে বেড়াচ্ছে, নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি বলে তাঁরা আমাকে দেখে নেবে। আমি আশঙ্কা করছি, তারা আমাকে ও আমার পরিবারের লোকদের হত্যা করতে পারে।’